শফিকুল ইসলাম মিলটন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে রাজধানীর কাঁঠালবাগানে হেলেপড়া ছয়তলা ভবনটি ভাঙার কাজ দুদিন পরও শুরু হয়নি। রাজউকের সিদ্ধান্তের অপেক্ষায় আছে ঢাকা সিটি কর্পোরেশন।
আর রাজউক এ ব্যাপারে দায়িত্ব দিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট)।
এদিকে হেলেপড়া ভবনটির পাশ্ববর্তী অন্যান্য ভবনের বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। ঘরবাড়ি ছেড়ে অনেকেই আশ্রয় নিয়েছেন আত্বীয়-স্বজনদের বাসায়।
এ বিষয়ে ডিসিসি'র সহকারী প্রকৌশলী সিদ্দিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা রাজউকের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। রাজউক সিদ্ধান্ত নিয়ে সিটি কর্পোরেশনকে জানালেই আমরা পদক্ষেপ নেবো। এ বিষয়টি এখন গণপূর্ত মন্ত্রণালয় দেখছে।"
এ বিষয়ে জানতে রাজউক চেয়ারম্যান মো. নুরুল হুদার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অধ্যাপক ড. সফিউল্লাহার নেতৃত্বে ভবনটি ভেঙে কীভাবে তা সরিয়ে নেওয়া হবে তার উপায় বের করতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একটি বিশেষজ্ঞ দলকে বলা হয়েছে।
তারা আজ (মঙ্গলবার) একটি বৈঠক করেছে। ভবনটি ভাঙার জন্য কিছু ইকুইপমেন্ট প্রয়োজন। সেগুলো যোগাড় করে যত দ্রুত সম্ভব ভাঙার কাজ শুরু করা হবে।"
আতঙ্কিত এলাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, আতঙ্কিত হওয়ার কিছু নাই। ভবনটি এখন যে অবস্থায় আছে, তাতে আর দুর্ঘটনার কোনো আশংকা নেই।
অধ্যাপক ড. সফিউল্লাহ বলেন, "ভবনটি ভাঙার বিষয়ে আমরা রাজউককে অ্যাডভাইস করছি। ভবনটি ভাঙার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে আসা হচ্ছে। তবে আমাদের দেশে এ ধরনের বহুতল ভবন ভাঙার জন্য প্রশিক্ষিত লোক নেই। আজ আমরা ভবনটি পরিদর্শন করেছি এবং দ্রুত ভাঙার কাজ শুরুর প্রস্তুতি নিচ্ছি।"
রোববার রাত সোয়া ১১টার দিকে 'এশিয়া হায়দার টাওয়ার' নামে নির্মাণাধীন ছয়তলা ভবনটির পিলার ভেঙ্গে নিচের তলাটি দেবে যায়। ভবনটি পাশেই পূর্বদিকের ১৬-তলা ভবন নাসির টাওয়ারও সামান্য হেলে পড়ায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে ওই রাতে দমকল বাহিনীর মহাপরিচালক আবু নাইম মো. শাহিদুল্লাহ জানান, পূর্বদিকের ১৬ তলা ভবনটি ছাড়াও উত্তরদিকের ছয়তলা ভবনটিও ঝুঁকির মুখে রয়েছে। হেলেপড়া ভবনটির কারণে পাশের ভবনগুলোর ভিত্তিও হুমকির মুখে পড়েছে। হেলেপড়া ভবনটি ভেঙ্গে ফেলা ছাড়া কোনো বিকল্প নেই। এজন্য যত তাড়াতাড়ি সম্ভব এটি ভাঙার জন্য ঢাকা সিটি কর্পোরেশনকে অনুরোধ করা হয়েছে।
এটি ভাঙা না হলে অন্য ভবনগুলোও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে তিনি আশংকা ব্যক্ত করেন।
পরে রাত সোয়া একটার দিকে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা সাংবাদিকদের বলেছিলেন, "হেলেপড়া ভবনটি ভাঙার কাজ রাতের মধ্যেই শুরু করতে গণপূর্ত অধিদপ্তর ও কর্পোরেশনের প্রকৌশলীদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে সেনাবাহিনীর সাহায্য নেওয়া হবে।"
সেনাবাহিনীর ১৪ ইঞ্জিনিয়ার্স ব্রিগেডের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মো. শরাফত হোসেন হেলেপড়া ভবনটি পরিদর্শন শেষে রাত পৌনে তিনটায় সাংবাদিকদের বলেন, "ডিসিসি, গণপূর্ত ও অন্যান্য সংস্থার সঙ্গে আলোচনা করে সমন্বিতভাবে ভবনটি ভাঙার পরিকল্পনা করা হবে। এছাড়া এটি ভাঙার প্রয়োজনীয় যন্ত্রপাতিও আনতে হবে।"
হেলেপড়া ভবনের পাশের একটি বহুতল ভবনের ডি-৩ ফ্ল্যাটের বাসিন্দা মো. ফারুক খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা খুবই আতঙ্কের মধ্যে আছি। আমাদের ভবনের ২১ টি ফ্য
bdnews24