ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুড়িগঙ্গা নদীকে দূষণ-দখল মুক্ত এবং মানুষের ব্যবহার উপযোগী করে তোলার অংশ হিসেবে সরকার এর ওপর গড়ে ওঠা ২৮টি ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এসব স্থাপনা সরানো ব্যয়ের একটি বড় অংশ সরকার দেবে জানিয়ে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান মঙ্গলবার বলেছেন, এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও এগুলো যৌক্তিক দূরত্বে সরিয়ে নিতে একমত হয়েছে।
নদীর তীরবর্তী সরকারি জায়গা অথবা নদীর ওপরে বিনা অনুমতিতে গড়ে ওঠা মসজিদ, মাদ্রাসা ও মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান এবং অবৈধ স্থাপনা স্থানান্তর সংক্রান্ত এক গোলটেবিল বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে এ কার্যক্রম শুরুর আগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ আবারো নদী এলাকায় অবৈধ স্থাপনা কী পরিমাণ আছে, তা নিরূপণে জরিপ চালানো হবে বলে জানান মন্ত্রী।
শাজাহান খানের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে সংসদ সদস্য একেএম রহমতউল্লাহ, নৌ-সচিব আব্দুল মান্নান হাওলাদার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল ও বায়তুল মোকাররমের খতিব মোহাম্মদ সালাউদ্দিনসহ বিভিন্ন মসজিদের ইমাম এবং মাদ্রাসা ও বিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বৈঠকে অংশ নেওয়া বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা নতুন করে জমি বরাদ্দ এবং অর্থ দিয়ে নতুন ভবন গড়ে তুলতে সরকারি সহায়তা দেওয়ার আহ্বান জানান।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক বলেন, "অবৈধভাবে গড়ে ওঠা কোনো মসজিদে নামাজ আদায় বৈধ নয়। এজন্য জমির মালিকের বা সরকারের অনুমোদনের প্রয়োজন হয়। তাই এসব প্রতিষ্ঠান সরিয়ে নিয়ে সরকারের দেওয়া জমিতে পুনঃস্থাপন করার ক্ষেত্রে কোনো সমস্যা নেই।"
বায়তুল মোকাররমের খতিব মোহাম্মদ সালাউদ্দিনও এসব স্থাপনা সরিয়ে নেওয়ার ক্ষেত্রে ধর্মীয় কোনো বাধা নেই বলে জানান।
নৌমন্ত্রী বলেন, "সরকার নদী রক্ষায় যৌক্তিকভাবেই এসব ধর্মীয় প্রতিষ্ঠান ও স্থাপনা স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছে। সবার সঙ্গে আলোচনা করে ঐক্যমতের ভিত্তিতেই এগুলো সরিয়ে নেওয়া হবে। এ নিয়ে বিভ্রান্তি সৃষ্টির সুযোগ নেই।"
যেসব মসজিদ, মাদ্রাসা, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা হলো- গাবতলী বালুঘাট জামে মসজিদ, বাগচাঁদ খা মসজিদ, লালবাগের তারা মসজিদ, ইসলামবাগ চন্দ্রপাড়া খানকা শরীফ, হাজারীবাগের খাজা বাবা ফরিদপুরী জামে মসজিদ।
লালবাগে দোতলা পাকা মসজিদ, তিনতলা মসজিদ ও মার্কেট, চরকামরাঙ্গী টিনের ঘর মসজিদ, ডিএনডি বেড়িবাঁধ খাজা বাবার খানকা শরীফ, জান্নাতুল মাওয়া জামে মসজিদ, সূত্রাপুরের মসজিদে নূরে মোহাম্মদিয়া, উল্টিনগঞ্জ জামে মসজিদ, শ্যামবাজার জামে মসজিদ, সিমসন ঘাটের বাইতুন নাজাত জামে মসজিদ মার্কেট, নবাববাড়ি ঘাট জামে মসজিদ।
ইসাকাবাদ মসজিদ, আলীনগর মসজিদ ও অজুখানা, মুসলিমবাগ টাওয়ার জামে মসজিদ, নূরে এতিমখানা, চরআলগী বৌনা কান্তা জামে মসজিদ, ইট খোলা বায়তুল আমান জামে মসজিদ ও চুনারচর চকের হাটি জামে মসজিদ।
এছাড়া আলীনগর মাদ্রাসা ও কবরস্থান, বাগচাঁদ খা সিদ্দিক মিয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, লালবাগ মডেল স্কুল অ্যান্ড কলেজ, চরমিরেরবাগ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, সিরাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সিরাজনগর উচ্চ বিদ্যালয় এই স্থানান্তর তালিকায় রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/২০০৫ ঘ.
bdnews24