ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনাবাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন মঙ্গলবার রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে বঙ্গভবনে সাক্ষাৎ করেছেন।
তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, সেনা প্রধান ছয় সপ্তাহব্যাপী অনুষ্ঠিতব্য শীতকালীন অনুশীলন এবং জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশী সদস্যদের প্রশংসনীয় ভূমিকা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
সেনাপ্রধান রাষ্ট্রপতিকে বলেন, "এই অনুশীলনে সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ে। এ সময় সেনাবাহিনীর ভ্রাম্যমান হাসপাতালগুলোতে সাধারণ জনগণকে চিকিৎসা সেবা দেওয়া হয়। গত বছর এই কার্যক্রমের মাধ্যমে গ্রামের মানুষের চিকিৎসার পাশাপাশি জটিল অপারেশনও করা হয়।"
তথ্য বিবরণীতে বলা হয়, জিল্লুর রহমান এ কার্যক্রমের প্রশংসা করে এর পরিধি বাড়ানোর ওপর
গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রপতি বলেন, "জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে সংখ্যার দিক দিয়ে বাংলাদেশ সর্বোচ্চ স্থানে অবস্থান করছে। এটা দেশের জন্য অত্যন্ত গৌরবের বিষয়।"
রাষ্ট্রপতি জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে আরো বেশি সদস্য পাঠানোর প্রচেষ্টা অব্যাহত রাখারও আহবান জানান।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মোহাম্মদ শফিউল আলম, সামরিক সচিব মেজর জেনারেল আবুল কালাম মো. হুমায়ুন কবির ও প্রেস সচিব এ কে এম নেছার উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/১৬৫০ ঘ.
bdnews24