২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ দিতে আগ্রহী যুক্তরাষ্ট্র

বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে কারিগরি সাহায্য ও প্রশিক্ষণ দিতে আগ্রহী যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2010, 10:20 AM

Updated : 25 Aug 2022, 07:35 PM

ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে কারিগরি সাহায্য ও প্রশিক্ষণ দিতে আগ্রহী যুক্তরাষ্ট্র। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মঙ্গলবার সকালে তার কার্যালয়ে সাক্ষাত করে এই আগ্রহের কথা ব্যক্ত করেন মার্কিন বিমান বাহিনীর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কমান্ডার জেনারেল গ্যারি এল নর্থ। এই সাক্ষাত পর্ব শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান। আবুল কালাম আজাদ বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে কর্মরত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের ভূমিকার প্রশংসা করেন জেনারেল গ্যারি। তিনি বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহ ও ভূমিকারও প্রশংসা করেন। আবুল কালাম আজাদ জানান, প্রধানমন্ত্রী বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মার্কিন বাহিনীর অবদানের কথা উল্লেখ করে বলেন, "১৯৯১ সালের ২৯ এপ্রিল প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে কয়েক লাখ মানুষের প্রাণহানি ঘটে। সে সময় বিএনপি সরকার পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়। তখন যুক্তরাষ্ট্রের মেরিন বাহিনী দুর্গত মানুষকে সহায়তা করার জন্য এগিয়ে আসে। এ ছাড়াও দেশের দক্ষিণাঞ্চলে ঘূর্ণিঝড় সিডর আঘাত হানার পর যুক্তরাষ্ট্র দুর্গত মানুষকে সাহায্য-সহযোগিতা প্রদান করে।" শেখ হাসিনা বলেন, "প্রাকৃতিক দুর্যোগে মার্কিন বাহিনীর সাহায্য-সহযোগিতা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো জোরদার করেছে।" আবুল কালাম আজাদ ছাড়াও সাক্ষাতকালে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লাহ ওয়াহিদুজ্জামান উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেএমএস/১৬১১ ঘ.