২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার আবেদনের শুনানি বুধবার নিয়মিত বেঞ্চে

হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ না দিয়ে খালেদা জিয়ার আপিল আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠানো হয়েছে। বুধবার এর শুনানি হবে। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2010, 09:58 AM

Updated : 25 Aug 2022, 07:35 PM

ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ না দিয়ে খালেদা জিয়ার আপিল আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠানো হয়েছে। বুধবার এর শুনানি হবে। আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. মোজাম্মেল হোসেন মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন এবং সরকার উভয় পক্ষের বক্তব্য শোনার পর আবেদনটি নিয়মিত বেঞ্চে পাঠানোর আদেশ দেন। চেম্বার বিচারপতির আদালতের কার্যক্রম দুপুর ২টায় শুরু হওয়ার কথা থাকলেও দুই পক্ষের আইনজীবীদের হট্টগোলের কারণে তা আধা ঘণ্টা পর শুরু হয়। চেম্বার বিচারপতির আদেশের পর বিএনপি চেয়ারপারসনের আইনজীবী মাহবুবউদ্দিন খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগামীকাল (বুধবার) আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে এর শুনানি হবে।" ঢাকা সেনানিবাসের বাড়ি নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সোমবার আপিলের আবেদন করেন খালেদা জিয়া। তিনি হাইকোর্টের রায়ও স্থগিতের আবেদন করেন। যদিও বিএনপি নেতারা এ বাড়ির ফয়সালা রাজপথে করার কথা বলে আসছেন। শুনানিতে বিরোধীদলীয় নেতার কৌঁসুলি টিএইচ খান বলেন, "হাইকোর্ট তার রায়ে বাড়িটি ছাড়ার জন্য ৩০ দিনের সময় দিয়েছে। কিন্তু হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করার জন্য ৬০ দিন সময় পাওয়া যায়। হাইকোর্ট রায়ে এ বিষয়টি বিবেচনা করেনি।" "সরকার যে কোনো সময় খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করতে পারে। তাই আমরা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইতিমধ্যেই লিভ টু আপিল দায়ের করেছি", বলেন তিনি। টিএইচ খান হাইকোর্টের রায় স্থগিতের আবেদনও জানান। সরকার পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, "জাতীয় সংসদে সেনানিবাসের ওই বাড়িটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই জায়গায় সেনা সদস্যদের আবাসন ব্যবস্থা করার সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্ত অনুযায়ী গত ২০ এপ্রিল খালেদা জিয়াকে বাড়ি ছাড়ার নোটিশ দেওয়া হয়।" এ পর্যায়ে টিএইচ খান বলেন, "নিবন্ধিত দলিলের মাধ্যমে খালেদা জিয়াকে ঢাকা সেনানিবাসের বাড়িটি দেওয়া হয়েছিলো। নিবন্ধিত দলিল এভাবে বাতিল করা যায় না।" জবাবে মাহবুবে আলম বলেন, "ওই দলিলটি প্রথম থেকেই বাতিল।" তিনি বলেন, "গত বছর ৭ মে খালেদা জিয়াকে আরেকটি নোটিশ দেওয়া হয়। এরপর ওই বছরের ২৪ মে তাকে চূড়ান্ত নোটিশ দিয়ে ৩০ জুনের মধ্যে বাড়ি ছেড়ে দেওয়ার অনুরোধ জানানো হয়।" এ পর্যায়ে আদালত বলে, "হাইকোর্টে কী চ্যালেঞ্জ করে রিট আবেদন দায়ের করা হয়েছিলো?" জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, "২৪ মে'র চূড়ান্ত নোটিশ চ্যালেঞ্জ করে রিট আবেদনটি দায়ের করা হলেও আপিল বিভাগের সামনে ওই নোটিশটি উপস্থাপন করা হয়নি।" টিএইচ খান বলেন, "ওই নোটিশটি সম্পূরক পেপার বুকের মাধ্যমে আদালতে জমা দেওয়া যাবে।" মাহবুবে আলম বলেন, "হাইকোর্ট খালেদা জিয়াকে বাড়ি ছাড়ার সময় নাও দিতে পারতো। তাকে সুযোগ দেওয়ার জন্য হাইকোর্ট সরকারকে বলেছে ৩০ দিন ওই বাড়ি থেকে তাকে উচ্ছেদ না করতে।" শুনানিতে মাহবুবে আলম আরো বলেন, "বিরোধীদলীয় নেতার জন্য মিন্টু রোডের বাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। তাছাড়া তার আরো একটি বাড়ি রয়েছে।" জবাবে টিএইচ খান বলেন, "লোক দেখানোর জন্য এটা করা হয়েছে।" অ্যাটর্নি জেনারেল খালেদার আপিলের আবেদন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেওয়ার পরামর্শ দেন। এরপর আদালত খালেদা জিয়ার আপিল আবেদন এবং হাইকোর্টের রায় স্থগিতের আবেদন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে বুধবার শুনানির জন্য দিন নির্ধারণ করে দেন। খালেদার আবেদনের শুনানি ঘিরে বিএনপি সমর্থক আইনজীবীদের একটি বড় অংশ আদালতে উপস্থিত ছিলেন। দুপুর ২টায় এজলাসে ঢোকা নিয়ে তাদের সঙ্গে সরকার সমর্থক আইনজীবীর তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে আদালত কক্ষে হট্টগোল শুরু হয়। তখন জ্যেষ্ঠ আইনজীবীরা তাদের শান্ত করেন। আদালতে অ্যাটর্নি জেনারেল ছাড়াও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজাসহ সরকারি আইন কর্মকর্তারা ছিলেন। বিএনপি চেয়ারপারসনের আইনজীবীদের মধ্যে টিএইচ খান ছাড়া ছিলেন মওদুদ আহমেদ, খন্দকার মাহবুব হোসেন, রফিকুল ইসলাম মিয়া, মাহবুবউদ্দিন খোকন প্রমুখ। চেম্বার বিচারপতি হাইকোর্টের রায়ে স্থগিত না করায় অসন্তোষ প্রকাশ করে বিএনপি সমর্থক আইনজীবীরা আদালত প্রাঙ্গণে মিছিলও করেন। ঢাকা সেনানিবাসের মইনুল সড়কের বাড়ি ছাড়তে সরকারের দেওয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে খালেদার করা রিট আবেদন গত ১৩ অক্টোবর খারিজ করে হাইকোর্ট। একমাসের মধ্যে বিএনপি চেয়ারপারসনকে ওই বাড়ি ছাড়তেও বলা হয়। বাড়ি ছাড়ার জন্য খালেদাকে দেওয়া সময় ১২ নভেম্বর শেষ হচ্ছে। ২০০৯ সালের ২০ এপ্রিল খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি ছাড়ার নোটিশ দেয় সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তর। এর বৈধতা চ্যালেঞ্জ করে একই বছরের ৩ মে খালেদা জিয়া হাইকোর্টে রিট আবেদন করেন। পরে ওই বছর ৭ ও ২৪ মে আরো দুই দফায় খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি ছাড়তে নোটিশ দেওয়া হয়। এর বিরুদ্ধে হাইকোর্টে গিয়ে পক্ষে আদেশ পাননি খালেদা। হাইকোর্ট রায়ে বলেছে, সেনানিবাসের বাড়ি ছাড়তে খালেদাকে যে নোটিশ দেওয়া হয়েছিলো, তা বৈধ। বিতর্কিত ইজারা দলিলের মাধ্যমে ১৯৮১ সালের ১৩ জুন খালেদাকে ১৬৫ কাঠার ওই বাড়িটি দেওয়া হয়েছিলো। জিয়াউর রহমান প্রেসিডেন্ট থাকা অবস্থায় ওই বাড়িতেই ছিলেন। পরে খালেদা জিয়াও একই বাড়িতে থেকে আসছিলেন। হাইকোর্টের রায়ে বলা হয়, সেনাবাহিনী প্রধানের আদেশে ও রাষ্ট্রপতির অনুমোদনে খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি ইজারা দেওয়া চরম বেআইনি ও জনস্বার্থের পরিপন্থী। কারণ কোনো সরকারি সম্পত্তি বরাদ্দ দেওয়ার এখতিয়ার সেনাবাহিনী প্রধানের নেই। এদিকে প্রধান বিরোধী দল বিএনপির সংসদ বর্জনের ক্ষেত্রে সেনানিবাসের মইনুল সড়কের ওই বাড়িটি ছাড়ার নোটিশও জড়িয়ে আছে। সংসদে ফেরার শর্ত হিসেবে ওই নোটিশ প্রত্যাহারের দাবি এক সময় তুলে ধরেছিলো বিএনপি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৭০০ ঘ.