সিলেট, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট ওসমানী মেডিকেল কলেজে ছাত্রলীগ-শিবির সংঘর্ষের ঘটনায় ছাত্রশিবিবের আরো ৪১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
এই নিয়ে গ্রেপ্তারকৃত শিবির নেতাকর্মীর সংখ্যা দাঁড়ালো ৪৭।
সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত সিলেট নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ ও র্যাব তাদের গ্রেপ্তার করে।
পুলিশের হাতে আটক ৩৪ জনকে দুপুরেই আদালতে হাজির করা হয়। আদালতের আদেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
কোতয়ালী থানার উপপরিদর্শক (এসআই) নারায়ণ দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওসমানী মেডিকেল কলেজ কর্তৃপক্ষের দায়েরকৃত মামলা এবং কোতয়ালি পুলিশের করা পুলিশের ওপর হামলা মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশ হাতে আটক ২৮ জন হলেন- মো. ছালেহ আহমদ, মো. কামরুল হাসান, মো. সাহেদ আহমদ, মো. রফিকুল ইসলাম, কামরুল ইসলাম, ফয়জুর রহমান, ফয়েজ আহমদ সুমন, সাইফুর রহমান তুহিন, ফারুক আহমদ, আব্দুল্লাহ আল মামুন, মো. ছানাউল্লাহ, মো. মাসুদুর রহমান, মো. শফিকুল ইসলাম, ইসলাম উদ্দিন মাহবুব, আব্দুল হান্নান, লায়েক হোসেন, কামরান হোসাইন, মো. মাহমুদুর রহমান, রাহাত নুর, মো. ইসলাম উদ্দিন, কামরান আহমদ, শামসির আহমদ, মাসুম খান, ইমতিয়াজ হোসেন, সেবুল উদ্দিন, মামুন খান, মো. মসুমুল হক, মো. আহবাবুর রহমান।
এর আগে সোমবার সংঘর্ষের পর শিবিরের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।
এরা হলেন- ওসমানী মেডিকেল কলেজ ছাত্রশিবিরের সভাপতি নাফিস রিয়াজউজ্জামান বাঁধন, জালাল হোসেন, মুরাদ আহমদ, নাজমুল সানি, নাজমুল হোসেন, অব্দুল্লাহ ইউসুফ।
র্যাবের হাতে আটক ১৩ জনকে মঙ্গলবার সন্ধ্যায় কোতয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।
এরা হলেন- আফজল হোসেন, জাহিদুল ইসলাম, কুদরতুল ইসলাম, জিয়া উদ্দিন, নজরুল ইসলাম, সাইফুল হোসেন, রাসেল আহমদ, শিহাব উদ্দিন, রেজাউল করিম, জাহিদুর রহমান, শাখাওয়াত হোসেন, আব্দুল বাতেন ও আবুল হাসনাত।
এসআই নারায়ণ দত্ত বলেন, "সংঘর্ষের ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশকে মারধরের ঘটনায় পুলিশ বাদি হয়ে একটি মামলা করেছে। আরেকটি মামলা দায়ের করেছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।"
এদিকে মঙ্গলবার দুপুরে কলেজের একাডেমিক কাউন্সিলের বৈঠক বসে। বৈঠকে কলেজ শিবির শাখার সভাপতি ও সেক্রেটারিসহ ৫ জনকে বহিষ্কার করা হয়েছে।
বহিস্কৃতরা হলেন- কলেজ শাখা ছাত্র শিবিরের সভাপতি নাসিফ রিয়াদুজ্জামান বাঁধন, সেক্রেটারি সাজ্জাদ হোসেন শান্ত ও কর্মী মারুফ শাহরিয়ার, সাইফুদ্দিন খালেদ ও সালাউদ্দিন কাদের।
কলেজের উপাধ্যক্ষ হারুন-উর-রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একাডেমিক কাউন্সিলের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ৫ জনকে বহিষ্কার করা হয়েছে। আগামী ২২ নভেম্বর পর্যন্ত কলেজে ঈদের ছুটি ঘোষণা করা হয়েছে।
সোমবার সিলেট ওসমানী মেডিকেল কলেজে এমবিবিএস ভর্তি কার্যক্রম চলাকালে নবাগত ছাত্রদের নিজ দলে ভেড়াতে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগ ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষে পুলিশসহ ২৫ জন আহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/এমএসবি/২২০৪ ঘ.
bdnews24