ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জের ঘটনার গণতদন্ত দাবি করেছে জাতীয় মুক্তি কাউন্সিল, নয়া গণতান্ত্রিক গণমোর্চা ও জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠন তিনটি এ দাবি তুলে ধরে। সেখানে সেনাবাহিনীর আবাসন প্রকল্প বাস্তবায়ন নিয়েও প্রশ্ন তুলেছে তারা।
সংগঠন তিনটি রূপগঞ্জে গুলিবর্ষণকারীদের শাস্তি, স্থানীয়দের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং ঘটনার পর থেকে নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করার দাবিও জানিয়েছে।
সেনাবাহিনীর আবাসন প্রকল্পের জমি কেনাকে কেন্দ্র করে গত ২৩ অক্টোবর উত্তপ্ত হয়ে ওঠে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া এলাকা। র্যাব-পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে ১ জন নিহত হয়। আহত হয় অর্ধশতাধিক। ঘটনার পর থেকে তিন জন নিখোঁজ বলে স্থানীয়দের দাবি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নয়া গণতান্ত্রিক গণমোর্চার আহ্বায়ক শিবলী কাউয়ুম জানান, চার দফা দাবিতে তিন সংগঠন আগামী ১১ নভেম্বর মুক্তাঙ্গনে বিক্ষোভ সমাবেশ করবে।
তিনি বলেন, "রূপগঞ্জের আর্মি হাউজিং প্রকল্পটি ড্যাপ এর বন্যা প্রবাহিত অঞ্চলের অন্তর্ভুক্ত। সে হিসেবে এ এলাকায় আবাসন প্রকল্প অনুমোদনযোগ্য নয়।"
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম ও জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের আহ্বায়ক মাসুদ খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৩০০ ঘ.
bdnews24