২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে দুই গ্রামের সংঘর্ষ, আহত ৩০

হাডুডু খেলাকে কেন্দ্র করে ঝিনাইদহ সদর উপজেলার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের ৩০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2010, 06:58 AM

Updated : 25 Aug 2022, 07:35 PM

ঝিনাইদহ, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাডুডু খেলাকে কেন্দ্র করে ঝিনাইদহ সদর উপজেলার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের ৩০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১৭ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে বাদপুকুরিয়া ও সাহেবনগর গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ ঘটে। সদর থানার ওসি রফিকুল ইসলাম জানান, বাদপুকুরিয়া গ্রামে সোমবার হাডুডু খেলার প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিকেলে সাহেবনগর ও নারারণপুর গ্রামের মধ্যে প্রতিযোগিতা চলছিল। এক পর্যায়ে খেলার পয়েন্ট নিয়ে বাদপুকুরিয়া ও সাহেবনগর গ্রামের লোকজনের মধ্যে বাদানুবাদ ও হাতাহাতির ঘটনা ঘটে। সেখানে উপস্থিত মাতবররা বিষয়টির মিমাংসা করে দেন। এ ঘটনাকে কেন্দ্র করে রাতেই বাদপুকুরিয়া ও সাহেবনগর গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। মঙ্গলবার সকালে দুই গ্রামের হাজার খানেক লোক ঢাল-সড়কি, রাম দা, লাঠি ও ইট পাটকেল নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় উভয় গ্রামের মোট ৩০ জন আহত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিপেটা করে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। দুই পক্ষের মাঝামাঝি অবস্থান নিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে দিন মোহাম্মদ, রবিউল ইসলাম ও আব্দুর রহিম নামের তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১২৫৭ ঘ.