ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাঁটাসুর ও শ্যামপুরের পর কল্যাণপুর 'ক' খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
হাইকোর্টের আদেশের পর এ নিয়ে তিনটি খালের অবৈধ দখল উচ্ছেদ করা হলো। আরো তিনটি খাল দখলমুক্ত করতে আদালতের আদেশ রয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কল্যাণপুর 'ক' খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ঢাকা ওয়াসা। গাবতলীর বসুপাড়া থেকে আদাবর পর্যন্ত এ খালটির দখলমুক্তিতে সহায়তা করে ঢাকা জেলা প্রশাসনের কর্মকর্তা এবং র্যাব-পুলিশ।
ওয়াসার ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাসিরউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আড়াই কিলোমিটার দৈর্ঘ্যরে এ খালে আগে চিহ্নিত করা ১৩টি অবৈধ সেমি পাকাঘর উচ্ছেদ করা হয়েছে।
গত ৩১ অক্টোবর ঢাকা ওয়াসা ও ঢাকা জেলা প্রশাসনের কর্মকর্তারা ওই খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে স্থানীয় সংসদ সদস্য আসলামুল হক বাধা দেন। সরকারদলীয় এ সংসদ সদস্য তখন বলেছিলেন, খালের নকশায় ত্র"টি রয়েছে।
পরে গত ৩ নভেম্বর তিনি নিজ উদ্যোগে খালে কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন, যা নিয়ে বিতর্ক রয়েছে।
গত ২৯ সেপ্টেম্বর নদ-নদীর নাব্যতা রক্ষা সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স ঢাকা ও এর আশপাশের বেদখল ছয়টি খাল অক্টোবরের মধ্যে উদ্ধার করার সিদ্ধান্ত নেয়। খালগুলো হচ্ছে- কাঁটাসুর, কল্যাণপুর 'ক' ও 'গ', শ্যামপুর, রামচন্দ্রপুর এবং হাজারীবাগ।
খালগুলোর দখলমুক্ত করার জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে ওইদিনই নির্দেশ দেয় টাস্কফোর্স। টাস্কফোর্সের নির্দেশনা অনুযায়ী অক্টোবর মাসে কাঁটাসুর ও শ্যামপুর খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রশাসন।
বাকি তিনটি খালে এখনো উচ্ছেদ অভিযান শুরু করতে পারেনি প্রশাসন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/কেএমএস/এমআই/১৭৪৪ ঘ.
bdnews24