ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর প্যাসিফিক কমান্ডার জেনারেল গ্রে এল নর্থ সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
এক তথ্য বিবরণীতে জানানো হয়, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সর্বোচ্চসংখ্যক সদস্য নিয়োজিত থাকায় জেনারেল নর্থ বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন। বাংলাদেশে সশস্ত্র বাহিনীর বিশেষ করে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে কর্মরত সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়নে যথাযথ প্রশিক্ষেণর ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।
রাষ্ট্রপতি বাংলাদেশ সফরের জন্য এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে যুক্তরাষ্ট্রের সহযোগিতার আশ্বাসের জন্য জেনারেল নর্থকে ধন্যবাদ জানান।
সাক্ষাতে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মোহাম্মদ শফিউল আলম, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল আবুল কালাম মো. হুমায়ুন কবির ও প্রেস সচিব একেএম নেছার উদ্দিন ভূঞা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২০২২ ঘ.
bdnews24