২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূত্রাপুরে ব্যাংকে হত্যার ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজধানীর সূত্রাপুরে সোনালী ব্যাংকে হত্যাকাণ্ডের ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2010, 03:09 PM

Updated : 25 Aug 2022, 07:34 PM

ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সূত্রাপুরে সোনালী ব্যাংকে হত্যাকাণ্ডের ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে সূত্রাপুর থানার মালাকার তোলা এলাকা থেকে মো. হানিফ (৩৫) নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। গত ২৬ অক্টোবর সোনালী ব্যাংকের ফরাসগঞ্জ শাখার ভেতর থেকে নিরাপত্তাকর্মী মো. জব্বার মিয়ার মৃতদেহ উদ্ধার করা হয়। মাথায় আঘাত পেয়ে তার মৃত্যু হয়েছিল বলে সে সময় জানায় পুলিশ। জব্বারের ব্যবহহৃত মোবাইলের সূত্র ধরে হানিফকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান সূত্রাপুর থানার ওসি নজরুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, "হানিফ প্রথমে নিজেকে নির্দোষ দাবি করলেও পরে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন। তিনি জানিয়েছেন, ব্যাংকের টাকা লুট করার জন্য জব্বারকে হত্যা করেন।" ওসি জানান, বিকালের দিকে ব্যাংকের ভেতরে ঢুকে হানিফ একটি কার্টনের ভেতর লুকিয়ে ছিলেন। রাত ১০টার দিকে জব্বার ব্যাংক থেকে বের হলে তিনি বাথরুমে যান। জব্বার ফিরে এসে তাকে দেখতে পেয়ে চিৎকার করলে হাতুড়ি দিয়ে তিনি জব্বারের মাথায় আঘাত করেন বলে জানান ওসি। রক্তক্ষরণে জব্বার মারা যান। এ ঘটনায় হানিফ একাই জড়িত ছিলেন বলে পুলিশের কাছে দাবি করেছেন। হানিফের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানানয়, হত্যাকাণ্ডের পর হাতুড়ি ও ছেনী নিয়ে তিনি ব্যাংকের ভল্ট ভাঙার চেষ্টা করেন। এতে ব্যর্থ হয়ে আধঘণ্টা পর তিনি পালিয়ে যান। যাওয়ার সময় জব্বারের ব্যবহৃত মোবাইল ফোনও নিয়ে যান হানিফ। মোবাইলটি একজনের কাছে ১১শ টাকায় বিক্রি করেন হানিফ। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/২১০৩ ঘ.