২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোমরা বন্দরে কর্মবিরতি প্রত্যাহার

তিনদিন পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে কর্মবিরতি প্রত্যাহার করেছে আন্দোলনকারী বিভিন্ন সংগঠন। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2010, 02:12 PM

Updated : 25 Aug 2022, 07:34 PM

সাতক্ষীরা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তিনদিন পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে কর্মবিরতি প্রত্যাহার করেছে আন্দোলনকারী বিভিন্ন সংগঠন। দাবি মেনে নেওয়ার আশ্বাসের ভিত্তিতে কর্মবিরতির তৃতীয়দিন সোমবার বিকালে তারা কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয়। আগামীকাল মঙ্গলবার থেকে বন্দরে যথারীতি কাজ শুরু করবে বলেও সংগঠনগুলো জানিয়েছে। আমদানি করা পোশাকসামগ্রীসহ ছয় ব্যক্তিকে আটকের ঘটনায় শনিবার থেকে বন্দরের ক্লিয়ারিং অ্যাণ্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠন কর্মবিরতি পালন করে আসছিলো। আন্দোলনকারীরা আটক পণ্য ফেরত এবং গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবি করে। সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী নওশাদ দিলওয়ার রাজু সাংবাদিকদের জানান, সোমবার দুপুর ১২টার দিকে ভোমরায় সংগঠনের কার্যালয়ে বন্দর ব্যবহারকারী সব সংগঠনের নেতারা বৈঠক করেন। পরে বিকাল ৫টার দিকে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন। সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে তাদের বৈঠক হয়। ওই বৈঠকে প্রশাসন আন্দোলনকারীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তারা কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেন বলে সিঅ্যান্ডএফ নেতা রাজু জানিয়েছেন। বৃহস্পতিবার ভোমরা থেকে আসা পোশাকবাহী দুটি ট্রাক আটক করে সাতক্ষীরা জেলা টাস্কফোর্স। গ্রেপ্তার করে ছয়জনকে। টাস্কফোর্স দাবি করেছে, মিথ্যা ঘোষণা দিয়ে এসব পণ্য আমদানি করা হয়েছে। অন্যদিকে বন্দরের শুল্ক বিভাগ ও সংগঠনগুলোর দাবি, বৈধভাবেই পণ্যগুলো আমদানি করা হয়েছে। সিঅ্যান্ডএফ নেতা রাজু জানান, সভায় অন্যান্যের মধ্যে তিনিসহ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রণব কুমার, বিডিআর ৪১ রাইফেল ব্যাটালিয়নের অপারেশন কর্মকর্তা মেজর জাহাঙ্গীর আলম, মেজর মুনির হোসেন, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি দ্বীন আলী, ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আশরাফুজ্জামান আশু, সহ-সভাপতি মমতাজ আহম্মেদ বাপ্পী উপস্থিত ছিলেন। তিনি জানান, দীর্ঘ আলোচনা শেষে প্রশাসনের কর্মকর্তা তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। এরপর সিঅ্যান্ডএফ নেতা আশরাফুজ্জামান কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন। আন্দোলনকারী সংগঠনগুলোর মধ্যে আরো ছিলো- হল্ডিং শ্রমিক ইউনিয়ন, ট্রান্সপোর্ট ইউনিয়ন, ট্রাক মালিক সমিতি। এদিকে, কর্মবিরতির তৃতীয় দিন সোমবারও অচল ছিলো বন্দরের কাজ। ভারত থেকে কোনো পণ্যবাহী ট্রাক বন্দরে আসেনি। আবার ভোমরা বন্দর থেকে কোনো ট্রাক ওপারে ভারতের ঘোজাডাঙ্গা বন্দরে যায়নি। এ কারণে দুই বন্দরে আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫৩ ঘ.