২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন বিদ্যুৎ সংযোগের অনুমতি দিয়েছে সরকার

প্রায় সাত মাস বন্ধ থাকার পর সরকার শর্তসাপেক্ষে আবাসিক, বাণিজ্যিক ও শিল্প-কারখানার জন্য নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়ার অনুমতি দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2010, 01:11 PM

Updated : 25 Aug 2022, 07:34 PM

ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় সাত মাস বন্ধ থাকার পর সরকার শর্তসাপেক্ষে আবাসিক, বাণিজ্যিক ও শিল্প-কারখানার জন্য নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়ার অনুমতি দিয়েছে। সোমবার বিদ্যুৎ বিভাগের এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন বিদ্যুৎ সংযোগ প্রদান ও বিতরণ সংশ্লিষ্ট সব সংস্থার কাছে পাঠানো হয়েছে। প্রজ্ঞাপন জারির পর থেকেই এ নির্দেশনা কার্যকর হবে। এতে বলা হয়েছে, যে সব আবেদনকারী ইতোমধ্যেই বিদ্যুতের নতুন সংযোগের জন্য চাহিদাপত্রের অর্থ জমা দিয়েছেন, তাদের আবেদনগুলো জমার ক্রম অনুসারে বিবেচনা করা হবে। নতুন সংযোগের ক্ষেত্রে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি। তবে গবেষণাগারসহ বিশেষ ক্ষেত্রে এসি ব্যবহার করা যাবে। এক্ষেত্রে সংস্থা প্রধানের পূর্বানুমতির প্রয়োজন হবে। এছাড়াও নতুন সংযোগ নেওয়ার ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ী সিএফএল বাল্বের ব্যবহার নিশ্চিত করতে বলা হয়েছে। এর আগে গত ১৯ সেপ্টেম্বর বিদ্যুৎ সচিব আবুল কালাম আজাদ এক ব্রিফিংয়ে বলেছিলেন, "শিগগিরই নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া শুরু হচ্ছে। তবে এক্ষেত্রে নীতিমালায় নতুন বিধান যুক্ত হচ্ছে। শিল্প-কারখানার ক্ষেত্রে নতুন সংযোগ পেতে হলে আবেদনকারীদের কমপক্ষে এক থেকে পাঁচ মেগাওয়াট ক্ষমতার সৌর বিদ্যুতের প্যানেল বসাতে হবে।" বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, গত এপ্রিল মাসে তিন মাসের জন্য নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার। কিন্তু বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ পরিস্থিতির উন্নতি না হওয়ায় কয়েক দফা সময় বাড়িয়ে তা অক্টোবর পর্যন্ত করা হয়। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ডসহ (আরইবি) বিদ্যুৎ কোম্পানিগুলোতে বর্তমানে হাজার হাজার আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে অনেক নতুন শিল্প কারখানাও আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৯০৮ ঘ.