২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘলা পর্যটন কেন্দ্রে ক্যাবলকার

বান্দরবানে সরকারি পর্যটন কেন্দ্র মেঘলা কমপ্লেক্সে চালু হয়েছে ক্যাবলকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2010, 04:14 PM

Updated : 25 Aug 2022, 07:33 PM

বান্দরবান, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বান্দরবানে সরকারি পর্যটন কেন্দ্র মেঘলা কমপ্লেক্সে চালু হয়েছে ক্যাবলকার। রোববার বিকাল সাড়ে ৪টায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান সংসদ সদস্য বীর বাহাদুর। কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, ছয়জন ধারণক্ষমতার ক্যাবলকার চালু করতে প্রায় ৮ লাখ টাকা খরচ হয়েছে। পর্যটকদের বিনোদনের জন্য এটি চালু করা হয়েছে। পরবর্তীতে আরো কয়েকটি কার চালুর বিষয়টি কর্তৃপক্ষের পরিকল্পনায় রয়েছে বলে তারা জানান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বীর বাহাদুর বলেন, এটি বান্দরবানের পর্যটন শিল্পের ক্ষেত্রে একটি মাইলফলক। এর মাধ্যমে পর্যটন শিল্পের জন্য সম্ভাবনাময় বান্দরবানে নতুন দিগন্তের সূচনা হলো। জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও মেঘলার তত্ত্বাবধানকারী সালাহউদ্দিন জানিয়েছেন, কমপ্লেক্সের নিজস্ব তহবিল থেকে এই ক্যাবলকার চালু করা হয়েছে। প্রথম পর্যায়ে জনপ্রতি ১০ টাকা করে টিকেটের মূল্য ধরা হয়েছে। তিনি বলেন, ক্যাবলকার চালু করায় মেঘলায় আরো বেশি বেশি করে পর্যটকের আগমন ঘটবে, তারা বিনোদনের সুযোগ পাবে। এর ফলে পর্যটন কেন্দ্রটির আয় বেড়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- সেনাবাহিনীর বান্দরবান অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শাহ আতিকুর রহমান, জেলা প্রশাসক মিজানুর রহমান, বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুছ, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্যা কাজল কান্তি দাশ, ক্যাবলকার স্থাপন কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহেল ইমাম খান, সদস্য সচিব মো. ইসলাম বেবী প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১৪ ঘ.