২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্দির থেকে ৯০০০ ইয়াবা উদ্ধার

কক্সবাজার শহরের একটি বৌদ্ধ মন্দির থেকে নয় হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2010, 03:25 PM

Updated : 25 Aug 2022, 07:33 PM

কক্সবাজার, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কক্সবাজার শহরের একটি বৌদ্ধ মন্দির থেকে নয় হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকালে বৌদ্ধ মন্দির সড়কের 'জয় সুখ ক্যাং'য়ে অভিযান চালিয়ে বৌদ্ধ মূর্তির পায়ের কাছ থেকে পুটলি বাঁধা অবস্থায় এসব ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এরা হলেন-টেকনাফের ডেইলপাড়া এলাকার জাকির হোসেন (২৩) ও ছোট হাবিরপাড়া এলাকার ইসমাইল (৫০)। জাকির নিজেকে ডেইলিপাড়ার বলে দাবি করলেও তিনি মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা মুসলমান বলে জানিয়েছে পুলিশ। কক্সবাজার মডেল থানার ওসি মোহাম্মদ শাজাহান সাংবাদিকদের বলেন, দুপুরে থানার সহকারি উপ-পরিদর্শক (এএসপি) কানু লাল অধিকারী ইয়াবা ট্যাবলেটের ক্রেতা সেজে শহরের আলীরজাহাল এলাকা থেকে জাকিরকে আটক করে। পরে তার দেওয়া তথ্যানুযায়ী বিকাল ৩টার দিকে মন্দির থেকে ইয়াবা ট্যাবলেটসহ ইসমাইলকে আটক করা হয়। এএসপি কানু লাল বলেন, অভিযানের সময় ওই মন্দিরে থাকা এক ভান্তে (ধর্মীয় নেতা) পালিয়ে যান। এই ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। উদ্ধার হওয়া ইয়াবা মূল্য ৪৫ লাখ টাকা বলে জানান ওসি শাজাহান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২১২৭ ঘ.