কক্সবাজার, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বঙ্গোপসাগরে মাছ ধরার সময় গত পাঁচদিনে প্রায় দুইশ' জেলেকে জলদুস্যরা অপহরণ করেছে বলে জানিয়েছে কক্সবাজারে একটি সংগঠন।
তাদের দাবি, সুন্দরবন কেন্দ্রিক জলদস্যুরা উপকূলে মাছ ধরার অর্ধশতাধিক ট্রলারও নিয়ে গেছে।
এর মধ্যে কক্সবাজারের ১৫টি ট্রলার রয়েছে বলে জানিয়েছে কক্সবাজার ফিশিং বোট মালিক সমিতি।
সমিতি জানায়, দস্যুরা ট্রলার ও জেলে প্রতি পাঁচ লাখ টাকা মুক্তিপণ চেয়েছে। তিনদিনের মধ্যে মুক্তিপণ না দিলে জেলেদের হত্যার হুমকি দেওয়া হয়েছে।
এ ব্যাপারে জরুরি সভা করে জেলেদের মুক্তির জন্য সরকারের সহযোগিতা চেয়েছেন সমিতির নেতারা। অন্যথায় আন্দোলনের হুমকি দিয়েছেন তারা।
কক্সবাজার মডেল থানার ওসি মো. শাজাহান বলেছেন, তারা ট্রলার লুট ও জেলে অপহরণের বিষয়ে কোনো অভিযোগ এখন পর্যন্ত পাননি।
রোববার সন্ধ্যায় জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমেদের সঙ্গে যোগাযোগ করে তার বক্তব্য পাওয়া যায়নি।
গত এক মাসে বরগুনার পাথরঘাটা থেকে ১২০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়ার কাছে একাধিক ট্রলার ডাকাতি ও অপহরণের ঘটনা ঘটেছে।
এসব ঘটনায় হতাশ ট্রলার মালিক ও জেলেরা সাগরে মাছ ধরা বন্ধ করে দেওয়ার কথাও বলেছেন।
কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ সাংবাদিকদের জানান, গত ২ নভেম্বর থেকে ৬ নভেম্বর পর্যন্ত কক্সবাজারসহ বিভিন্ন এলাকার অর্ধ শতাধিক মাছ ধরার ট্রলারে ডাকাতি হয়েছে।
এর মধ্যে কক্সবাজার শহর ও আশপাশের এলাকার ১৫টি মাছ ধরার ট্রলার লুট হয়েছে। ওই ১৫টিসহ ২১টি ট্রলারের জেলেকে সুন্দরবনের দুর্গম এলাকায় ধরে নিয়ে গেছে দস্যুরা।
কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান জানান, খুলনা ও বাগেরহাট এলাকার সুন্দরবন কেন্দ্রিক দস্যুদল রাজু বাহিনী, জুলফিকার বাহিনী, মিস টিয়া বাহিনী, কৃষ্ণসাগর বাহিনী ও মতলব বাহিনী এই লুটপাট ও অপহরণের সঙ্গে জড়িত।
সমিতির নেতারা জানান, লুট হওয়া ট্রলারগুলোর মধ্যে রয়েছে কক্সবাজার শহরের উত্তর নুনিয়াছড়া এলাকার আবদুল হকের এফবি জুবাইদুল হক, মধ্যম নুনিয়াছড়া এলাকার জয়নাল আবেদীনের এফবি ছেনোয়ারা, শওকতুল ইসলামের এফবি নাহার, শহিদুল ইসলামের এফবি মোসাইবা, শাহাবউদ্দিনের এফবি শাহীন, রফিকুল ইসলাম চৌধুরীর এফবি বদর মোকাম, আবু সুলতানের এফবি রফিক, মোহাম্মদ হানিফের এফবি রেনোয়ারা ও এফবি তাউসিফ, তার ছোট ভাই সালামত উল্লাহর এফবি রেনোয়ারা, মতিউর রহমানের এফবি আল হোসাইন, শামসুজ্জোহার এফবি ওমর ফারুক, মনির ইসলামের এফবি ভাই ভাই ও এফবি মনির, মোহাম্মদ সুলতানের এফবি আলম, গিয়াস উদ্দিন বাবুলের এফবি মায়ের দোয়া-১, আবদুর রহিমের এফবি ঊর্মি, নুর কাদেরের এফবি আল আরিফ ও এফবি বিলকিস, আলাউদ্দিনের এফবি আল্লাহর দান-১ এবং ওয়াহিদুল আলমের এফবি আল্লাহর দান-২।
বোট মালিক সমিতির নেতা মোস্তাক আহমদ জানান, এফবি ভাই ভাই'র ১৬ জেলে, এফবি মনির'র একজন, আলম'র ১৬ জন, আল্লাহর দান-২ এর ১৬ জন, আল আরিফের ১৭ জন, বিলকিস'র ১৭ জন, আল্লাহর দান-১ এর একজনসহ অপহৃত জেলের সংখ্যা প্রায় দুইশ' জন।
বোট মালিক নেতা কক্সবাজার শহর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান জানান, সাগরে জলদস্যুদের উৎপাত, ট্রলার লুট ও জেলে অপহরণ ও মুক্তিপণ দাবির বিষয়টি তারা স্বরাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেছেন।
ট্রলার ও জেলেদের উদ্ধারে তারা সরকারের সহযোগিতা চেয়েছেন বলে তিনি জানান।
এদিকে, শনিবার বিকালে সমিতির নেতারা শহরের এয়ার পোর্ট পাবলিক হাইস্কুলে জরুরি সভা করেছেন।
সংগঠনের সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন- সমিতির সহ-সভাপতি নুরুল ইসলাম নুরু, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৮ ঘ.
bdnews24