ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী তিন মাসের মধ্যে তৃতীয় প্রজন্মের (থ্রিজি) মোবাইল যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের লাইসেন্স দেওয়া হবে বলে জানিয়েছেন টেলিযোগযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু।
রোববার তথ্য অধিদফতরে এক সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী এ তথ্য জানান।
এর আগে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী থ্রিজি প্রযুক্তি চালুর ব্যাপারে একাধিকবার সময় উল্লেখ করেছিলেন। কিন্তু সে সময় পার হয়ে গেলেও থ্রিজি প্রযুক্তি চালু করতে পারেনি সরকার।
লাইসেন্স ফি কত নির্ধারণ করা হবে জানতে চাওয়া হলে টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু বলেন, "থ্রিজির বিষয়ে নীতিমালা তৈরির কাজ চলছে। নীতিমালা চূড়ান্ত না হওয়া পর্যন্ত এ বিষয়ে বলা যাবে না।"
সংবাদ সম্মেলনে রাজিউদ্দিন রাজু জানান, আগামী ছয় মাসের মধ্যে ১০ থেকে ১৫ হাজার টাকা দামে ল্যাপটপ বাজারে ছাড়া সম্ভব হবে।
এক সাংবাদিক প্রশ্ন করেন, "আপনি তো দেড় বছর আগেও ছয় মাসের কথা বলেছিলেন আবার এখনও ছয় মাসের কথা বলছেন। আসলে কবে বিক্রি হবে।"
এ প্রশ্নের জবাবে টেলিযোগাযোগমন্ত্রী বলেন, "আইনগত ও দাপ্তরিক জটিলতার কারণে এটা এতোদিন করা যায়নি। এসব সমস্যার সমাধান হয়েছে। আশা করছি ছয় মাসের মধ্যে আমরা ল্যাপটপ বাজারে ছাড়তে পারবো।"
বর্তমান সরকার ক্ষমতায় আসার পরপরই সস্তায় প্রযুক্তি ব্যবহারের সুযোগ দিতে ল্যাপটপ সংযোজন করে তা বাজারে সরবরাহের পরিকল্পনা গ্রহণ করে। এসব ল্যাপটপের দাম ১০ থেকে ১৫ হাজার টাকার মধ্যে হবে।
একটি দেশীয় ও একটি বিদেশি প্রতিষ্ঠানের সহায়তায় এ ল্যাপটপ সংযোজন করবে বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থা। প্রতি মাসে পাঁচ হাজার ল্যাপটপ সংযোজন করে তা বিক্রির জন্য বাজারে সরবরাহ করা সম্ভব হবে বলে জানান ডাক ও টেলিযোগাযোগ সচিব সুনীল কান্তি বোস।
রাজিউদ্দিন রাজু আরো জানান, আগামী ছয় মাসের মধ্যে দেড় থেকে দুই হাজার টাকায় মোবাইল ফোন সেট সংযোজন করে বাজারে সরবরাহ করবেন তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/পিডি/১৭৩৯ ঘ.
bdnews24