বান্দরবান, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির রাজস্থলী উপজেলায় দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর আদলের পোশাক, একে-৪৭ রাইফেল ও গুলি উদ্ধার করা হয়েছে।
অপরদিকে বান্দরবানের লামা উপজেলায় অভিযান চালিয়ে পিস্তল ও পাইপগানসহ পাঁচ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার ভোর ৪টার দিকে বান্দরবান সেনাবাহিনীর সদর জোন ও কাপ্তাই জোন যৌথভাবে বান্দরবান সীমান্তের কাছে রাজস্থলীর মোবাছড়ি পাড়ায় অভিযান চালায়।
সেনাবাহিনীর বান্দরবান সদর জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুবুর রশীদ সাংবাদিকদের জানান, অভিযানে একটি একে-৪৭ রাইফেল, গুলিভর্তি একটি ম্যাগজিন এবং সেনাবাহিনীর পোশাকের আদলে তৈরি দুই সেট পোশাক উদ্ধার হয়।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মোবাছড়ি পাড়ায় একটি আঞ্চলিক রাজনৈতিক দলের সশস্ত্র সন্ত্রাসীদের আস্তানায় এ অভিযান চালানো হয়। তবে এ সময় কাউকে গ্রেপ্তার করা যায়নি।"
সেনা কর্মকর্তা রশীদ জানান, উদ্ধার অস্ত্র ও পোশাক সেনাবাহিনীর বান্দরবান সদর জোন দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে।
তবে এসব কোন রাজনৈতিক দলের, তা স্পষ্ট করেননি তিনি।
বান্দরবানের লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের শিলের তোয়া এলাকায় সকাল ৭টার দিকে পুলিশের অভিযানে অস্ত্রসহ পাঁচ সন্ত্রাসীকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন লামা থানার ওসি মোহাম্মদ হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অভিযানে দেশে তৈরি চারটি পিস্তল ও একটি পাইপগান উদ্ধার হয়েছে। এ সময় পাঁচ সন্ত্রাসীকে আটক করা হয়।"
তিনি জানান, আটককৃতদের অস্ত্রসহ তাদের থানায় আনা হয়েছে। তাদের একেকজনের বাড়ি একেক অঞ্চলে।
তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমআই/১৬২০ ঘ.
bdnews24