ব্রাহ্মণবাড়িয়া, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার কারণে ঢাকা-চট্টগ্রাম রেল চলাচল রোববার দুই ঘণ্টা বন্ধ ছিলো।
একই সময় ঢাকা-সিলেট রেলপথেও চলাচল বন্ধ ছিলো। দুর্ঘটনা কবলিত ট্রেনের বগি উদ্ধারের পর দুপুর ১১টায় ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।
ব্রাহ্মণবাড়িয়ার মন্দবাগ রেলস্টেশনের আউট সিগনালের কাছে সকাল ৯টার দিকে চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়।
এতে চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চট্টগ্রামগামী মহানগর প্রভাতি ও সুবর্ণ এবং নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।
আখাউড়া লোকোশেড ইনচার্জ টিএ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন বেলা ১১টার দিকে লাইনচ্যুত বগিটি উদ্ধার করে। ট্রেন চলাচল এখন স্বাভাবিক রয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/কেএমএস/১৪০০ ঘ.
bdnews24