ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরানীগঞ্জের চর কুতুব এলাকায় এক ব্যক্তিকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
গুলিতে আহত মো. আলী মিয়াকে (৩৫) এলাকাবাসী ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান।
আলীর মা লুৎফা বেগম সাংবদিকদের বলেন, "শনিবার সকাল ১০টায় স্থানীয় সন্ত্রাসী ইকবাল, কানা সোহেল ও হান্নানসহ আট/নয়জন তাকে হত্যার উদ্দেশ্যে বাড়ি থেকে ডেকে নিয়ে কোমরে গুলি করে।"
এ সময় আলী চিৎকারে করলে আশপাশের লোক এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
লুৎফা বেগম জানান, ইকবালের সঙ্গে তার ছেলের জমি বেচা-কেনা নিয়ে বিরোধ রয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি জানান, ছোট ছেলেমেয়েদের ঝগড়ার জের ধরে এই গুলির ঘটনা ঘটেছে।
তবে কোন্ অভিভাবকের সন্তানের সঙ্গে কোন্ অভিভাবকের সন্তানের ঝগড়া হয়েছে তা তিনি জানাতে পারেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/১৯০৭ ঘ.
bdnews24