ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোর, নারায়ণগঞ্জ, ফেনী ও ঠাকুরগাঁওয়ে শনিবার চারজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
এর মধ্যে রয়েছে- যশোর ও নারায়ণগঞ্জে দুই গৃহবধূ, ফেনীতে এক পিকআপ চালক এবং ঠাকুরগাঁওয়ে এ তরুণ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের যশোর প্রতিনিধি জানান, জেলা শহরের বগচরে গৃহবধূ মৌসুমি আক্তারের (২৫) লাশ উদ্ধার করা হয়।
মৌসুমি ওই এলাকার শাকিলের স্ত্রী। যৌতুক না পেয়ে শাকিল তাকে গলাটিপে হত্যা করেছে বলে নিহতের পরিবার দাবি করছে।
পরিবারের বরাত দিয়ে কোতোয়ালি থানার ওসি মোয়াজ্জেম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মৌসুমির সঙ্গে ১০ মাস আগে শাকিলের বিয়ে হয়। এরপর থেকে এক লাখ টাকা যৌতুকের জন্য মৌসুমির সঙ্গে শাকিলের কলহ চলে আসছিল।
সকালে শাকিল মৌসুমির বাবার বাড়ি খবর পাঠায়, সে আত্মহত্যা করেছে।
তবে ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, আড়াইহাজার উপজেলা সদরের মুকুন্দি গ্রামে ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় গৃহবধূ শিল্পীর (৩০) লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী শাহ্ আলমকে গ্রেপ্তার করেছে।
আড়াইহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম বলেন, দেড় বছর আগে শিল্পীর সঙ্গে চাচাতো দেবর শাহ্ আলমের বিয়ে হয়। শুক্রবার রাতে তারা দু'জন (স্বামী-স্ত্রী) সিনেমা দেখে এসে ঘুমিয়ে পড়েন। সকালে ঘরের মধ্যে শিল্পীর ঝুলন্ত লাশ পাওয়া যায়।
এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে জানান ওসি নজরুল।
ফেনী প্রতিনিধি জানান, সকালে সোনাগাজী উপজেলার গুয়ালিয়া গ্রাম থেকে মো. কামরুল ইসলাম (২৬) নামের এক পিকআপ চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
কামরুল লক্ষ্মীপুর জেলার সাদেরকর গ্রামের আব্দুল মুনাফের ছেলে।
তিনি ফেনী শহরে পিকআপ চালাতেন। তাকে হত্যা করে দুর্বৃত্তরা তার পিকআপ ছিনতাই করেছে বলে পুলিশ ধারণা করছে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার রাত ৯টার দিকে অজ্ঞাত ব্যক্তি ফোনে কামরুলকে জানায়- সোনাগাজীর মুহুরী প্রজেক্ট এলাকা থেকে পিকআপযোগে চট্টগ্রামের সীতাকুন্ডে মাছ নেওয়া হবে।
এরপর কামরুল পিকআপ নিয়ে মুহুরী প্রজেক্ট এলাকার উদ্দেশে বের হয়ে যান। শনিবার সকালে তার লাশ পাওয়া যায়।
কামরুলের ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে সোনাগাজী থানায় মামলা দায়ের করেছেন।
সোনাগাজী থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান, ময়নাতদন্ত শেষে লাশ নিহতের পরিবারের কাছে কাছে হস্তান্তর করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, সদর উপজেলার জামরী এলাকায় সকালে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সাইফুরের (২১) বাড়ি সদর উপজেলার দেওগাঁ-চেরাডাঙ্গী গ্রামে।
সদর থানার ওসি গোপাল চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার বিকালে সাইফুর বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে আর বাড়ি ফিরে আসিন। শনিবার সকালে স্কুলের পাশে একটি বাঁশ ঝাড়ে তার লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/১৮০০ ঘ.
bdnews24