বরগুনা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কমিটি গঠন নিয়ে কোন্দলের জের ধরে বরগুনা ছাত্রলীগের বিদায়ী সভাপতি এনায়েত করিমকে লাঞ্ছিত করেছে বিক্ষুব্ধ একদল কর্মী।
শুক্রবার রাতে জেলা শহরের শেরেবাংলা সড়তে লাঞ্ছিত হন এনায়েত। তখন তিনি একটি প্রেসে আশ্রয় নিলে সেখানেও ভাংচুর হয়।
এনায়েত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সন্ধ্যা ৭টার দিকে এমিকা প্রেসের সামনে দাঁড়িয়ে বন্ধুদের সঙ্গে কথা বলছিলাম। ওই সময় অনিকের নেতৃত্বে একদল তরুণ অতর্কিত হামলা চালায়। আমি প্রেসে ঢুকে পড়লে সেখানেও ভাংচুর চালায় তারা।"
অনিক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরের ছেলে।
এমিকা প্রেসের মালিক মাসুদ আলম বলেন, তার প্রেসের কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, টেলিফোনসহ অনেক গুরুত্বপূর্ণ মালামাল ভেঙে ফেলা হয়েছে।
বরগুনার পুলিশ সুপার মো. মাহবুব হাকিম সাংবাদিকদের বলেন, ঘটনার খবর পেয়েই পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
এ ধরনের ঘটনা এড়াতে পুলিশ সতর্ক রয়েছে বলে জানান তিনি।
গত ২০ অক্টোবর ইমরান হোসেন রাসেলকে সভাপতি, রুবাইয়াত আদনানকে সহ-সভাপতি এবং আক্তারুজ্জামান রকিবকে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। তবে সংগঠনের একটি অংশ এর কমিটি গ্রহণ করেনি।
নতুন কমিটি বাতিলের দাবিতে শনিবার সকালে একদল ছাত্রলীগকর্মী শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। তারা বরগুনা প্রেসক্লাবের সামনে সমাবেশও করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৩০ ঘ.
bdnews24