চট্টগ্রাম, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়কের অর্ধেক জুড়ে মঞ্চ তৈরি করে সাধারণ মানুষকে ভোগান্তি দিয়েই নগরীর একটি সড়কের নির্মাণ কাজ উদ্বোধন করলেন যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন।
শুক্রবার বিকালে নগরীর অক্সিজেন মোড়ে সড়কের এক পাশ পুরোপুরি বন্ধ করে তার জন্য তৈরি করা মঞ্চে অক্সিজেন- হাটহাজারী চার লেন সড়কের নির্মাণ কাজ উদ্বোধন করেন তিনি।
বিকাল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দুই ঘন্টাব্যাপী এ উদ্বোধনী অনুষ্ঠান ও ফলক উন্মোচনের কারণে তীব্র যানজটের কবলে পরে হাজার হাজার পথচারী।
যানজটে অক্সিজেন-হাটহাজারী ও নগরীর ষোলশহর-বায়েজীদ বোস্তামী-অক্সিজেন সড়কে আটকা পরে শতশত যানবাহন। অক্সিজেন-হাটহাজারী সড়ক দিয়ে দুই পার্বত্য জেলা খাগড়াছড়ি এবং রাঙ্গামাটিগামী যানবাহনও চলাচল করে।
এর আগের দিন যোগাযোগ মন্ত্রীর জন্য সড়কের অর্ধেক জুড়ে মঞ্চ তৈরি করায় হাটহাজারী সড়কে তীব্র যানজটে নাকাল হতে হয় উত্তর চট্টগ্রামের যাত্রীদের।
বৃহস্পতিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এ সড়কে ব্যাপক যানজট হয়।
সড়ক বন্ধ করে মঞ্চ তৈরির বিষয়ে এক প্রশ্নের জবাবে যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সাধারণ মানুষের দুর্ভোগ হবে এরকম কোনো ব্যবস্থা আমার কাম্য নয়।"
যানজটে আটকে পরা অনেক যাত্রী ও গাড়ির চালক একটি ব্যস্ত সড়কের উপর এভাবে মঞ্চ তৈরি করে অনুষ্ঠান করার বিষটিকে 'উদ্ভট ও কাণ্ডজ্ঞানহীন' অভিহিত করে ক্ষোভ প্রকাশ করেন।
যাত্রী হোসাইন আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এটি একটি কাণ্ডজ্ঞানহীন কাজ হয়েছে। মঞ্চটি অন্য কোথাও করা যেত। সাধারণ মানুষকে কষ্ট দেওয়ার কোনো মানে নেই।"
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, চট্টগ্রাম দেশের বাণিজ্যিক রাজধানী । আন্তর্জাতিক বাণিজ্য পরিচালিত হয় চট্টগ্রামের উপর দিয়ে। তাই সরকার চট্টগ্রামের উন্নয়নে নানামুখী পদক্ষেপ নিয়েছে।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম, রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল চৌধুরী বাবুল প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএডি/এইচএ/২৩৫০ ঘ.
bdnews24