২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবন কর্মীদের ওপর হামলা, কাঠ লুট

চোরাই সুন্দরী কাঠ উদ্ধার করে ক্যাম্পে আনার পথে সুন্দরবন কর্মীদের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2010, 03:31 PM

Updated : 25 Aug 2022, 07:33 PM

বাগেরহাট, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চোরাই সুন্দরী কাঠ উদ্ধার করে ক্যাম্পে আনার পথে সুন্দরবন কর্মীদের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। তারা ট্রলারসহ বনকর্মীদের পাঁচ ঘণ্টা আটক রাখে। পরে তাদের কাছ থেকে মোবাইল ফোনসেট, টাকা কেড়ে নিয়ে কাঠ বোঝাই ট্রলারসহ পালিয়ে যায়। শুক্রবার দুপুরে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বারুইখালী ইউনিয়নের তেঁতুলবাড়ি বাজারের গুয়াতলা খালে এই ঘটনা ঘটে বলে বন কর্মকর্তা ও কর্মী জানিয়েছেন। হামলার শিকার বনকর্মীরা হলেন- গুলিশাখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ, বনরক্ষী ফজলুর রহমান ও নৌকাচালক ইউনুস। হামলার শিকার বনকর্মীরা সাংবাদিকদের কাছে দাবি করেন, হামলাকারীদের মধ্যে অন্তত ছয়জনকে তারা চিনতে পেরেছেন। এরা হলেন- মোরেলগঞ্জ উপজেলার আমুরবুনিয়া গ্রামের দুই ভাই পিয়াস ও গিয়াস, একই গ্রামের কাঞ্চন, মোরেলগঞ্জ সদরের বারুইখালী গ্রামের দুই সহোদর পল্টু ও পলাশ এবং একই গ্রামের ওয়াসিম। ঘটনার বর্ণনা দিয়ে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের ধানসাগর স্টেশনের স্টেশন কর্মকর্তা আব্দুল খালেক শুক্রবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার রাতে উপকূলরক্ষী বাহিনীর (কোস্টগার্ড) সহযোগিতায় বনকর্মীরা বহরবুনিয়া ইউনিয়নের এসবি বাজারের পাশের খালে ২৮টি সুন্দরী গাছসহ একটি ট্রলার আটক করে। কাঠ বোঝাই ওই ট্রলার নিয়ে তারা মোরেলগঞ্জ সদরে আসেন এবং পানগুছি নদীর একটি খালে রাত কাটান। ভোরে তারা তিনজন ওই ট্রলার নিয়ে গুলিশাখালী ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হন। সকাল ১০টা নাগাদ তেতুলবাড়িয়া বাজারের কাছে গুয়াতলা খালে ১৫/২০ জনের একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা তিন বনকর্মীকে জিম্মি করে তাদের কাছে থাকা গুলি ভর্তি একটি সেলফ লোডেড রাইফেল (এসএলআর) ও একটি চাইনিজ রাইফেল কেড়ে নেয়। বনকর্মী খালেক আরো জানান, দুর্বৃত্তরা তিন বনকর্মীকে বেদম প্রহার করে এবং দুপুর আড়াইটা পর্যন্ত সেখানে আটকে রাখে। এ সময় তারা আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে ওই এলাকায় কাউকে আসতে দেয়নি। পরে তারা আগ্নেয়াস্ত্র দুটি ফেরত দিয়ে তিনটি মোবাইল ফোন সেট ও কিছু নগদ টাকাসহ কাঠ বোঝাই ট্রলার নিয়ে তেঁতুলবাড়ি বাজারের দিকে চলে যায়। খবর পেয়ে বিকালে গুলিশাখালী ক্যাম্প থেকে বনকর্মীরা গিয়ে তাদের উদ্ধার করে আনেন। সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো জানান, ধানসাগর স্টেশন কর্মকর্তাকে ট্রলারটি খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট পঙ্কজ চন্দ্র রায়কে প্রাথমিকভাবে জানানো হয়েছে। শনিবার থানায় মামলা করা হবে। বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট পঙ্কজ চন্দ্র রায় জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২০ ঘ.