২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে গণপিটুনিতে নিহত ৫

রাজধানীর কদমতলী থানার রায়েরবাগ খানকা শরীফ সড়কের হাবিব নগর এলাকায় গণপিটুনিতে ৫ জন নিহত হয়েছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2010, 05:14 AM

Updated : 25 Aug 2022, 07:33 PM

ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কদমতলী থানার রায়েরবাগ খানকা শরীফ সড়কের হাবিব নগর এলাকায় গণপিটুনিতে ৫ জন নিহত হয়েছে। পুলিশ বলছে, ডাকাত সন্দেহে এলাকাবাসীর গণপিটুনিতে তাদের মৃত্যু হয়। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে হাবিব নগরের স্বপ্নকুঞ্জ নামের একটি বাড়ি সংলগ্ন বালুর মাঠে এ ঘটনা ঘটে। কদমতলী থানার ওসি কাজী আইয়ুবুর রহমান শুক্রবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় থানায় তিনটি মামলা হয়েছে। এর মধ্যে আটক ডাকাত দলের দুই সদস্য নজরুল ও মাহফুজসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি অস্ত্র ও একটি ডাকাতি মামলা এবং অজ্ঞাতনামা এলাকাবাসীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের হয় বলে তিনি জানান। গণপিটুনিতে আহত এক ডাকাতকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কদমতলী থানার ওসি কাজী আইয়ুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রায় ১৫ জনের একটি ডাকাত দল বুধবার দিবাগত রাত ৩টার দিকে খানকা শরীফ রোড এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। তিনি বলেন, "এসময় এলাকাবাসীর সন্দেহ হলে তারা ডাকাতদলকে ধাওয়া করে। মসজিদের মাইক দিয়ে ঘোষণা করা হয় এলাকায় ডাকাত পড়েছে।" ওসি আরো বলেন, "মাইকে ঘোষণা শুনে এলাকাবাসী চারদিক দিক থেকে এগিয়ে এসে ৭ ডাকাতকে ধরে ফেলে। অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। "জনতা গণপিটুনি দিলে ঘটনাস্থলে দুই ডাকাত মারা যায়। পুলিশ ঘটনাস্থল থেকে দুইটি মৃতদেহ ও আহত চারজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। অন্যজন সেখানে চিকিৎসাধীন।" ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া একজনের নাম সম্রাট বলে নিশ্চিত হওয়া গেছে বলে জানান তিনি। ঘটনাস্থলে মারা যাওয়া দু'জনের মৃতদেহ ময়না তদন্তের জন্য স্যার সলিমুুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ। রাত সোয়া ১১ টায় স্যার সলিমুুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে এই দুই মৃতদেহ সনাক্ত করেন জাহানার খানম নামে এক মহিলা। একটিকে নিজের ছেলে ফিরোজ (২৮) ও অপর মৃতদেহকে ছেলের বন্ধু আমির (৩০) বলে দাবি করেন তিনি। ফিরোজ রিক্সাচোর চক্রের সদস্য হলেও সে ডাকাত নয় বলে জানান জাহানারা। পুলিশ ঘটনাস্থল থেকে আটটি রড, পাঁচটি ধারালো ছোরা, ছয়টি চাকু, একটি প্লাস ও একটি শাবল উদ্ধার করেছে। হাবিবনগরের বাসিন্দা আব্দুল আলী (৬৫) বলেন, "গত দুই মাসে এ এলাকায় ছয় থেকে সাতটি ডাকাতি হওয়ার পর হাবিব নগর সমাজ কল্যাণ সংসদের তত্ত্বাবধানে দুই সপ্তাহ ধরে ডাকাতি প্রতিরোধ কমিটি রাতে পাহারা দেয়।" গত রাতে পাহারায় থাকা সাত জনের একটি দলের সদস্য সোহেল বলেন, "রাত ৩টার দিকে ২৫ থেকে ৩০ জনের একটি ডাকাত দল পায়ে হেটে খানকা শরীফ সড়কে গেলে অপরিচিত দেখে আমরা তাদের গতিবিধি জানতে চাই। এ সময় তারা আমাদের ওপর চড়াও হয়।" তখন চিৎকার করলে ও বাঁশি বাজালে আশপাশের কয়েক শ' মানুষ এসে তাদের ঘেরাও করে ৭ জনকে ধরে ফেলে এবং গণপিটুনি দেয় বলে জানান তিনি। এলাকাবসী জানায়, রাতে ঘটনাস্থলের পাশে একটি কবরস্থানে পালিয়ে থাকা ডাকাত দলের দুই সদস্য নজরুল ও মাহফুজ সকালে ধরা পড়লে তাদেরও গণপিটুনি দেওয়া হয়। নজরুল ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন এবং মাহফুজকে কদমতলী থানা হেফাজতে রাখা রয়েছে। মাহফুজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তার বাড়ি ভোলার চরফ্যাশনে। তার বাবার নাম বাসু শিকদার।" তিনি বলেন, "গত রাত দেড়টার দিকে আমরা ২৫ জন সদরঘাট এলাকায় জড়ো হয়ে তিনটি ট্রাকের মালামাল লুটের উদ্দেশ্যে বাসে যাত্রাবাড়ী পৌঁছাই। সেখানে ব্যর্থ হয়ে পৌনে ৩টার দিকে রায়েরবাগ পুণম সিনেমা হলের সামনে বাস থেকে নেমে ডাকাতির চেষ্টায় বের হলে এ ঘটনা ঘটে।" দলনেতা জলিলের নেতৃত্বে ঢাকার বিভিন্ন জায়গায় এ দলটি ডাকাতি করে বলে জানান তিনি। রায়েরবাগ এলাকাটিতে বাড়িগুলো একটু ফাঁকা থাকায় ডাকাতির জন্য এ এলাকাটি বেছে নেওয়া হয় বলে জানান তিনি। বেলা সাড়ে ১২টার দিকে ওই এলাকা পরিদর্শনে গিয়ে ওয়ারি জোনের পুলিশ কমিশনার গাজী মোজাম্মেল হক বলেন, "এটি একটি সামাজিক প্রতিরোধের ঘটনা। এর মাধ্যমে জনতার জয় হয়েছে।" "তবে গণপিটুনিতে ৫ জনের মৃত্যু হওয়াটা দুঃখজনক", বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/কেটি/এসআইএম/এজে/এএইচ/কেএমএস/এইচএ/২৩০০ ঘ.