২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জন্মভূমিতে ব্রিটিশ এমপি রুশনারা

ব্রিটিশ পার্লামেন্টের প্রথম বাঙালি এমপি রুশনারা আলী এক সরকারি সফরে বৃহস্পতিবার নিজ জন্মভূমি বাংলাদেশে এসেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2010, 06:58 PM

Updated : 25 Aug 2022, 07:32 PM

ঢাকা, নভেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রিটিশ পার্লামেন্টের প্রথম বাঙালি এমপি রুশনারা আলী এক সরকারি সফরে বৃহস্পতিবার নিজ জন্মভূমি বাংলাদেশে এসেছেন। এমপি ও লেবার পার্টির আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক ছায়া মন্ত্রী হিসেবে বাংলাদেশে এটি তার প্রথম সফর। পাঁচদিনের এই সফরে দুপুরে তিনি ঢাকা এসে পৌঁছান। সফরকালে তিনি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অক্সফামের গ্রামীণ জীবনযাত্রার টেকসই উন্নয়নের জন্য প্রচারাভিযানের (সিএসআরএল) 'প্রতীকী জলবায়ু আদালতে' সাক্ষ্য গ্রহণ পর্যবেক্ষণ করবেন। এই ট্রাইব্যুনালে বাংলাদেশে ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্ত এলাকার জনগণের সাক্ষ্য নেওয়া হবে। যাদের মধ্যে থাকবেন গৃহবধূ থেকে শুরু করে জেলে পর্যন্ত নানা পেশার মানুষ। আগামী ৮ নভেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই আদালত বসবে। রুশনারা আলীর অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি সাংবাদিক, রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধি এবং কূটনীতিকদের সঙ্গেও সাক্ষাৎ করবেন। এ ট্রাইব্যুনালের কার্যক্রম পর্যবেক্ষণ ছাড়াও তিনি তার শৈশবের স্মৃতি বিজড়িত সিলেট সফর করবেন। এ সফর সম্পর্কে রুশনারা বলেন, "ব্রিটিশ পার্লামেন্টে এমপি নির্বাচিত হওয়ার পর এটি আমার প্রথম বাংলাদেশ সফর। লেবার পার্টির আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক ছায়া মন্ত্রী হিসেবে জন্মভূমি বাংলাদেশ সফর আমার জন্য এক বিরাট সম্মানের বিষয়। আমি অক্সফামের জলবায়ু পরিবর্তন ট্রাইব্যুনালে অংশগ্রহণের প্রতীক্ষা করছি। "অনেক ব্যক্তিগত ও পারিবারিক বন্ধনের পাশাপাশি উন্নয়ন, বাণিজ্য, সহায়তা এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক ইস্যু যুক্তরাজ্য ও বাংলাদেশকে একসূত্রে আবদ্ধ করেছে। এই ট্রাইব্যুনালের কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সম্পর্কে যুক্তরাজ্যে জনসচেতনতা নিঃসন্দেহে বাড়বে।" খালেদার সঙ্গে সাক্ষাৎ এমপি রুশনারা আলী বৃহস্পতিবার রাতে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় তারা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি বিশেষ করে জলবায়ু পরিবর্তন নিয়ে মতবিনিময় করেন। প্রথম বাঙালি হিসেবে যুক্তরাজ্যের হাউস অব কমন্সে সদস্য নির্বাচিত হওয়ায় রুশনারাকে অভিনন্দন জানান বিএনপি চেয়ারপারসন। চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ ও ঢাকায় যুক্তরাজ্যের ডেপুটি হাইকমিশনার মিক লন এ সময় উপস্থিত ছিলেন। রুশনারা পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন এন্ড বো আসন থেকে লেবার পার্টির প্রার্থী হিসেবে গত সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। রুশনারার জন্ম ১৯৭৫ সালে সিলেটে। মাত্র সাত বছর বয়সে মা-বাবার সঙ্গে চলে যান লন্ডনে। বাংলাদেশে তার পৈতৃক নিবাস সিলেটের বিশ্বনাথের বুরকি গ্রামে। তিনি রাজনীতি, অর্থনীতি ও দর্শন পড়েন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে। ১৭ বছর বয়স থেকে রুশনারা লেবার পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। এই দীর্ঘ পথ চলায় তিনি দীক্ষা নিয়েছেন ১৯৫৪ সালে লেবার পার্টির মেনিফেস্টোর অন্যতম লেখক মাইকেল ইয়াংয়ের কাছে। রুশনারা বিভিন্ন সময় লেবার পার্টির এমপি-মন্ত্রীদের হয়ে কাজ করেছেন। তাদের রাজনৈতিক বক্তৃতার স্ক্রিপ্ট লিখেছেন। তিনি স্থানীয় ও জাতীয় রাজনীতিতে ক্যাম্পেইন করেছেন দলের হয়ে। ১৯৯৭ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত প্রাক্তন এমপি উনা কিং এর হয়ে পার্লামেন্টারি অ্যাসিস্ট্যান্ট হিসেবে হাউজ অব কমন্সে দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া এখানেই রুশনারা তিন বছর ধরে বৈষম্য বিরোধী ইস্যুতে গবেষক হিসেবে কাজ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/০০৫৩ ঘ.