নারায়ণগঞ্জ, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চটগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় এই ঘটনা ঘটে।
জনতা চার ডাকাতদের ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যায় বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ বলেছে, ডাকাতেরা যাত্রীদের কাছ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন সেটসহ তিন লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
ডাকাতেরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ১৫ বাসযাত্রীকে আহত করে।
তাদেরকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোনারগাঁও থানা পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ১১টায় মতলবগামী মতলব পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-জ-১৪৩৮৭৫) যাত্রীবেশী ১০/১২ জন ডাকাত ওঠে।
কাঁচপুর এলাকায় আসার পর তারা অস্ত্রের মুখে বাসচালক আলাউদ্দিনকে জিম্মি করে গাড়ি তাদের নিয়ন্ত্রণে নেয়।
এসময় বাধা দিলে ডাকাতেরা বাসের যাত্রীদের পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে আহত করে।
ডাকাতদের হামলায় সামাদ, কামরুলসহ ১৫ বাসযাত্রী আহত হয়।
যাত্রীদের চিৎকারে আশপাশের লোকজন ও পুলিশ ছুটে আসে এবং ধাওয়া করে সোনারগাঁও উপজেলার সোনাখালী এলাকায় বাসটির গতিরোধ করে।
এ সময় জনতা চার ডাকাতকে আটক করে গণধোলাই দেয়। অন্যরা পালিয়ে যায়।
আহত অবস্থায় আটক ডাকাত রাসেল, নুরুল ইসলাম, ডালিম ও সুলতানকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বৃহস্পতিবার ভোরে নুরুল ইসলামের মৃত্যু হয়। তিনি নরসিংদীর বেলাবো উপজেলার বাঘাবো গ্রামের সাহেব আলীর ছেলে।
সোনারগাঁও থানার ওসি মো. ইউনুস আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে বাসচালক আলাউদ্দিন বাদি হয়ে মামলা দায়ের করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৭ ঘ.
bdnews24