ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নকল ক্যালসিয়াম ক্যাপসুল তৈরির অভিযোগে রাজধানীর মিরপুরে এক দম্পতিকে জরিমানা ও কারাদণ্ড দিয়েছে র্যাব। উদ্ধার হয়েছে ২০ লাখ পিস ক্যাপসুল।
নকল ক্যালসিয়াম ক্যাপসুল তৈরিতে জড়িত অভিযোগে স্বামী তাজুল ইসলাম রতনকে দেড় লাখ টাকা জরিমানা ও এক বছরের কারাদণ্ড এবং জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেন ম্যাজিস্ট্রেট এএইচএম আনোয়ার পাশা। রতনের স্ত্রী নাদিরা ইসলাম সোমার কাছ থেকে একই পরিমাণ জরিমানা আদায় করে র্যাব।
ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে দক্ষিণ মনিপুরের ৫৫২/২ নম্বর বাসার দ্বিতীয় তলায় অভিযান চালায় র্যাব।
তিনি বলেন, "ওই দম্পতি ওই বাসায় নকল ক্যালসিয়াম ক্যাপসুল বানিয়ে বিভিন্ন কৌটায় ভরে বিদেশি লেবেল লাগিয়ে বাজারজাত করতেন।"
অভিযানে বৈজ্ঞানিক কর্মকর্তা তারিক আবদুল্লাহ, ড্রাগ সুপার মো. শফিকুল ইসলাম, বিএসটিআই'র ফিল্ড অফিসার আশিফ খানসহ র্যাবের-৪ এর মেজর সারোয়ার উপস্থিত ছিলেন।
রতনকে থানায় সোপর্দের ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ম্যাজিস্ট্রেট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/২০৪৪ ঘ.
bdnews24