২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান বিচারপতির পদত্যাগ দাবি

রুহুল কুদ্দুস বাবু ও মোহাম্মদ খসরুজ্জামানকে শপথ করানোয় প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের পদত্যাগ দাবি করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2010, 08:27 AM

Updated : 25 Aug 2022, 07:32 PM

ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রুহুল কুদ্দুস বাবু ও মোহাম্মদ খসরুজ্জামানকে শপথ করানোয় প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের পদত্যাগ দাবি করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে বৃহস্পতিবার বাবু ও খসরুজ্জামানকে শপথ পড়ানোর পর তাৎক্ষণিক এক সভায় সমিতি এ দাবি তোলে। নতুন দুই বিচারপতিকে বয়কটের সিদ্ধান্তও নিয়েছে তারা। এক সময়ের ছাত্রনেতা বাবু একটি মামলার আসামি ছিলেন। খসরুজ্জামানের বিরুদ্ধে গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে (ইয়াজউদ্দিন নেতৃত্বাধীন) অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ভাংচুরের অভিযাগ ছিলো। অভিযোগ থেকে বাবু ও খসরুজ্জামানকে আদালত অব্যাহতি দিলেও বিএনপি সমর্থক আইনজীবীরা এ নিয়োগের বিরোধিতা করে আসছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতৃত্বে এখন বিএনপি সমর্থকরা রয়েছে। ওদিকে দুই বিচারকের শপথ পড়ানো নিয়ে সরকারবিরোধী আইনজীবীদের বিক্ষোভকে অনভিপ্রেত উল্লেখ করে প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক বলেছেন, সংবিধান রক্ষার জন্য দুই বিচারপতিকে শপথ পড়িয়েছেন তিনি। বাবু ও খসরুজ্জামানসহ চার জন বৃহস্পতিবার হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে শপথ নিলেন। এর মধ্যে দুজনের শপথ পড়ানোর প্রতিবাদে সকাল থেকেই আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন ও সাধারণ সম্পাদক বদরুদ্দোজা বাদলের নেতৃত্ব আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করতে থাকে বিএনপি সমর্থকরা। বিক্ষোরে মধ্যেই তাদের শপথ অনুষ্ঠান হয়। শপথ পড়ানোর প্রতিবাদে আইনজীবী সমিতির দক্ষিণ হলে দুপুর ১টা থেকে পৌনে ২টা পর্যন্ত খন্দকার মাহবুব হোসেনের সভাপতিত্বে সভা হয়। ওই সভায়ই প্রধান বিচারপতির পদত্যাগ দাবি এবং নতুন দুই বিচারকের এজলাস বয়কটের সিদ্ধান্ত হয়। সভায় এই দুই বিচারপতির সঙ্গে জ্যেষ্ঠ বিচারপতিদের না বসার আহ্বানও জানানো হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে কালো পতাকা উত্তোলন করে। এরপর মিছিল নিয়ে তারা ওই দুই বিচারপতির এজলাসের সামনে অবস্থান নেন। মিছিলেও তারা প্রধান বিচারপতির পদত্যাগ দাবিতে স্লোগান দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমআই/১৪১৪ ঘ.