২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি বাস দুর্ঘটনায় শিক্ষকসহ আহত ৬

ঢাকা-আরিচা মহাসড়কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি বাস দুর্ঘটনায় শিক্ষকসহ অন্তত ছয়জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2010, 05:48 PM

Updated : 25 Aug 2022, 07:32 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নভেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-আরিচা মহাসড়কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি বাস দুর্ঘটনায় শিক্ষকসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে মহাসড়কের ফুলবাড়িয়ায় হানিফ এন্টারপ্রাইজের একটি বাস বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক বহনকারী বাসটিকে ধাক্কা দিলে বিশ্ববিদ্যালয়ের বাসটি রাস্তার আইল্যান্ডে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায়। আহতদের মধ্যে রয়েছেন- নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক মানস কুমার চৌধুরী, ফার্মেসি (৩৭তম ব্যাচ) বিভাগের ছাত্র সবুজ, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান (৩৭তম ব্যাচ) বিভাগের গালিব এবং অজ্ঞাত আরো তিনজন। তাদের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাদের দেখতে উপ-উপাচার্য ড. ফরহাদ হোসেন হাসপাতালে গেছেন। এ ঘটনায় জাবি ছাত্ররা হানিফ এন্টারপ্রাইজের অন্তত পাঁচটি বাস ভাংচুর করেছে। রাত সাড়ে ১১টায় ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জাবি প্রতিনিধি জানান, ঢাকা থেকে বিশ্ববিদ্যালয়ের বাসটি ক্যাম্পাসে আসছিল। এ সময় হানিফ এন্টারপ্রাইজের বাসটি ছাত্র-শিক্ষক বহনকারী ওই বাসকে ধাক্কা দেয়। ঘটনার পরই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়কের ফুলবাড়িয়ায় চারটি এবং বিশ্ববিদ্যালয় সংলগ্ন ডেইরি গেটে একটি হানিফ এন্টারপ্রাইজের বাস ভাংচুর করে। তবে এতে বাসের কোনো যাত্রী আহত হয়নি। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আরজু মিয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষুব্ধ ছাত্রদের উদ্দেশে বলেন, হানিফ এন্টারপ্রাইজ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে আগামীকাল বিষয়টির সুরাহা করা হবে। এরপর ছাত্ররা শান্ত হয়। আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেবে তাই হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১০ ঘ.