রাজশাহী, নভেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলহত্যা দিবসে বুধবার বিকালে রাজশাহীতে এএইচএম কামারুজ্জামান স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়েছে।
কামারুজ্জামানের স্ত্রী জাহানারা কামারুজ্জামান নগরীর গোরহাঙ্গা মোড়ে নির্মিত এই স্মৃতিস্তম্ভের ফলক উন্মোচনের মধ্য দিয়ে এর উদ্বোধন করেন।
এরপর তিনি পায়রা উড়িয়ে দেন।
রাজশাহী সিটি করপোরেশনের সহযোগিতায় এবং শিল্পী মৃণাল হকের নকশায় স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হয়।
ফলক উন্মোচন উপলক্ষে বিকালে গোরহাঙ্গা মোড়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে গোরহাঙ্গা মোড়কে কামারুজ্জামান মোড় বলে ঘোষণা দেওয়া হয়।
ভাষাসৈনিক আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কামারুজ্জামানের ছেলে রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, সাংসদ ফজলে হোসেন বাদশা, জিনাতুন নেসা তালুকদার, মেরাজ উদ্দীন মোল্লা, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়াম্যান নুরুল ইসলাম ঠাণ্ডু এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় র্কাযনির্বাহী পরিষদের সদস্য আকতার জাহান।
খায়রুজ্জামান লিটন বলেন, "আমাদের শহীদ পরিবারের দাবি নিম্ন আদালত থেকে যেন জাতীয় চার নেতা হত্যাকাণ্ডের বিচার আবারো শুরু করা হয়।"
ফজলে হোসেন বাদশা বলেন, মুক্তিযুদ্ধের শেষ চিহ্নটুকু মুছে ফেলতে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছে। তিনিও চার নেতা হত্যাকাণ্ডের পুনর্বিচার দাবি করেন।
এছাড়া উপস্থিত ছিলেন- রাজশাহীর সাবেক মেয়র আব্দুল হাদি, ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি, ওায়র্কার্স পার্টির নগর সম্পাদক লিয়াকত হোসেন লিকু, জাসদের নগর সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ শিবলী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও রুহের মাগফিরাত কামনা করা হয়।
কামারুজ্জামান স্মৃতিস্তম্ভ
গোরহাঙ্গা মোড়ে ৩০ ফুট উচ্চতার এ স্তম্ভে রয়েছে ঝরনা, লাল-কালো রঙের সংমিশ্রণে উজ্জ্বল আলোকসজ্জা। স্মৃতিস্তম্ভের গায়ে সুনিপুণভাবে বসানো হয়েছে এএইচএম কামারুজ্জামানের প্রতিকৃতি।
রাজশাহী মহানগরীতে কামারুজ্জামানের এটিই প্রথম স্মৃতিস্তম্ভ।
এর আগে রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম এবং কেন্দ্রীয় শিশুপার্ক ও উদ্যান তার নামে নামকরণ করা হয়।
গোরহাঙ্গা মোড় এখন থেকে 'কামারুজ্জামান মোড়' হবে বলে অনুষ্ঠানে ফজলে হোসেন বাদশা ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪৩ ঘ.
bdnews24