নারায়ণগঞ্জ, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌতুক না পেয়ে সোনারগাঁও উপজেলার কাসুন্দি গ্রামে মঙ্গলবার রাতে বিউটি আক্তার (২৩) নামে এক গৃহবধুকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার সকালে পুলিশ বিউটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকে বিউটির স্বামী আহাদ আলী পলাতক রয়েছে।
নিহতের পরিবারের অভিযোগ, এক লাখ টাকা যৌতুক না দেওয়ায় বিউটিকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে তার শ্বশুর বাড়ির লোকজন।
বিউটির বাবা মনির হোসেন সাংবাদিকদের বলেন, ১০ বছর আগে বিউটির সঙ্গে আহাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য বিউটিকে প্রায়ই নির্যাতন করতো তার শ্বশুর বাড়ির লোকজন।
মঙ্গলবার রাতে কোনো এক সময় আহাদ বিউটিকে হত্যার পর পালিয়ে গেছে বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে সোনারগাঁও থানার ওসি মো. ইউনুস আলী বলেন, বিউটির শরীরে আঘাতে চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে জানান ওসি ইউনুস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২০১৫ ঘ.
bdnews24