২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রে অস্থায়ী শ্রমিকদের বিক্ষোভ

প্রকল্প ভিত্তিক স্থায়ী নিয়োগের দাবিতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের অস্থায়ী শ্রমিকরা বিক্ষোভ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2010, 12:47 PM

Updated : 25 Aug 2022, 07:32 PM

দিনাজপুর, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রকল্প ভিত্তিক স্থায়ী নিয়োগের দাবিতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের অস্থায়ী শ্রমিকরা বিক্ষোভ করেছে। বুধবার বিকাল ৫টার দিকে তারা বিক্ষোভ মিছিল করে এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) চেয়ারম্যান বরাবর একটি স্মারক লিপি দেয়। আগামী ১০ নভেম্বরের মধ্যে দাবির বিষয়ে পিডিবি সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়েছে বিক্ষোভকারীরা। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ অস্থায়ী (আউট সোর্সিং) শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি নুরুজ্জামান ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন জানান, কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রটি স্থাপনের পর থেকে ১০ জন মহিলাসহ ২৩৮ শ্রমিক ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে অস্থায়ী নিয়োগের ভিত্তিতে চাকরি করে আসছে। তাদের দাবি, ঠিকাদারি প্রতিষ্ঠানের নিয়োগকৃত এসব শ্রমিক বেতন পাচ্ছে সাড়ে ৩ হাজার থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা। এ ধরনের নিয়োগ ও বেতনকে অগ্রহণযোগ্য বলে মনে করে তারা। চলতি বছর জাতীয় বেতন কাঠামো অনুযায়ী মজুরি দাবি করে তারা। এছাড়া প্রকল্প ভিত্তিক স্থায়ী নিয়োগের দাবিতে তারা আন্দোলন করে আসছে। বিকালে বিক্ষোভ মিছিল শেষে বড়পুকুরিয়া রেলওয়ের ঘুমটি মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ অস্থায়ী (আউট সোর্সিং) শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি নূরুজ্জামান সরকার। সমাবেশে বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, মহিদুল ইসলাম, মেস্তাজুল ইসলাম, হাফিজুল রহমান, শাহজাদা প্রমুখ। নূরুজ্জামান সরকার দাবি করেন, তাপবিদ্যুৎ কেন্দ্র পরিচালনার জন্য স্থায়ীভাবে ৫৪৮ জন কর্মকর্তা-কর্মচারী প্রয়োজন। কিন্তু কর্তৃপক্ষ মাত্র ১৪০ জন কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ী নিয়োগ দিয়েছে। বাকি ২৩৮ জন দক্ষ শ্রমিক-কর্মচারীকে স্থায়ী নিয়োগ না দিয়ে দরপত্র প্রথার মাধ্যমে কাজ করাচ্ছে বলে তিনি জানান। তিনি শ্রমিকদের চাকরি স্থায়ী করার দাবি জানিয়ে বলেন, এই দায়িত্ব সরকারকেই নিতে হবে। এর আগে ইউনিয়নের পক্ষ থেকে একটি স্মারকলিপি রেজিস্ট্রি ডাকযোগে পিডিবি চেয়ারম্যান বরাবর পাঠানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪৯ ঘ.