মাদারীপুর, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাদারীপুর সদর উপজেলায় একটি সেতু ভেঙ্গে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
এই রুটের যানবাহনকে বিকল্প হিসেবে শিবচর-পাচ্চর সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।
সোমবার সকাল ১১টার দিকে উপজেলার ঘটকচর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের বেইলি ব্রিজটি দিয়ে ট্রাক যাওয়ার সময় এর বাম পাশের একটি অংশ ভেঙ্গে দেবে যায়।
এ অবস্থায় যান চলাচল অব্যাহত থাকলে দুপুর ১টার দিকে আরো একটি অংশ ভেঙ্গে যায় বলে স্থানীয়রা জানায়।
পরে সেতু কর্তৃপক্ষ সড়ক ও জনপথ বিভাগ দুপুর ২টার দিকে যান চলাচল বন্ধ করে দেয়।
মাদারীপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগ বলেছে, সেতু মেরামতের কাজ চলছে। কাজ শেষ হতে মঙ্গলবার বিকাল পর্যন্ত সময় লেগে যেতে পারে।
স্থানীয়রা জানায়, সেতুটি ভেঙ্গে যাওয়ার খবর পেয়ে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রেজ্জাকসহ র্যাব ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন।
তারা সেতুর অবস্থা পর্যবেক্ষণের পর যানবাহন চলাচল বন্ধ করে দেন।
সন্ধ্যা ৬টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মাদারীপুর প্রতিনিধি জানান, সেতুটি মেরামতের কাজ শুরু হয়েছে। সেতুর দুই পাশের আটকা পড়েছে দক্ষিণাঞ্চগামী কয়েকশ' যানবাহন।
এই মহাসড়ক হয়ে ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের ১৭ জেলায় যানবাহন চলাচল করে।
মাদারীপুর সওজ'র নির্বাহী প্রকৌশলী আব্দুর রেজ্জাক সাংবাদিকদের জানান, বরিশাল ও ফরিদপুর থেকে ওয়েলডিং মেশিন ও ক্রেন এনে সেতুটি মেরামত করা হচ্ছে।
তিনি বলেন, সেতুটি মেরামত না হওয়া পর্যন্ত এই রুটের যানবাহনকে বিকল্প সড়ক হিসেবে কাজীরটেক ফেরিঘাট হয়ে শিবচর-পাচ্চর সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
মাদারীপুর সদর থানার ওসি মো. কাইয়ুম আলী সরদার জানান, ঘটনাস্থলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৭ ঘ.
bdnews24