রাজশাহী, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একই সময়ে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ বাসস্ট্যান্ডে বিএনপি ও ক্ষমতাসীন আওয়াম লীগ সমর্থক সংগঠন ছাত্রলীগ সমাবেশ ডাকায় সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ওই স্থানে সব ধরনের সভা ও সমাবেশ নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন।
পুলিশ জানায়, 'নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান ও পুনর্বাসনের' দাবিতে গোদাগাড়ী উপজেলা বিএনপি কয়েকদিন আগে সুলতানগঞ্জ বাসস্ট্যান্ডে সোমবার সকাল ১০টায় মানববন্ধন ও সমাবেশ আহ্বান করে।
রোববার সন্ধ্যায় হঠাৎ সেখানে একই সময় ছাত্রলীগ 'যুদ্ধাপরাধীদের বিচারের দাবি এবং দেশে বিএনপির অরাজকতা সৃষ্টির অপচেষ্টার' প্রতিবাদে সমাবেশের ডাক দেয়।
এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হলে রাত ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ১৪৪ ধারা জারি করেন।
ইউএনও জুলিয়া মঈন সাংবাদিকেদের বলেন, "দুটি রাজনৈতিক দলের সভা আহবানকে কেন্দ্র করে সহিংসতার আশঙ্কায় সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৫টায় পর্যন্ত সুলতানগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।"
গোদাগাড়ী থানার ওসি জাকিরুল ইসলাম জানান, এ ব্যাপারে রোববার রাতেই এলাকায় মাইকিং করা হয়েছে। সুলতানগঞ্জ বাসস্ট্যান্ডে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
সোমবার সকালে সেখানে কোনো পক্ষই আসেনি বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১০৫৫ ঘ.
bdnews24