ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি বিষয়ে বিশেষজ্ঞদের মতামত নিয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদ পর্যালোচনার আলোকে এ মতামত নেওয়া হয়।
বৈঠকে বিশেষজ্ঞ হিসেবে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেসবাহ কামাল ও আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং।
মেসবাহ কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংসদীয় কমিটি প্রথম দফায় বিচারপতি গোলাম রব্বানীর মতামত নিয়েছেন। দ্বিতীয় দফায় আমাদের মতামত নিলেন। তৃতীয় দফায় '৭২ এর সংবিধান প্রণয়নে জড়িতদের মতামত নেবে ওই কমিটি।
"সবার সুপারিশ সমন্বয় করে সংসদীয় কমিটি আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সংবিধান সংশোধনে বিশেষ কমিটির কাছে প্রয়োজনীয় মতামত দেবে," বলেন তিনি।
কমিটির সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে অংশ নেন কমিটির সদস্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, এবিএম ফজলে করিম চৌধুরী, এ থিন রাখাইন, যতীন্দ্র লাল ত্রিপুরা ও গিয়াস উদ্দিন আহমেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২১১৬ ঘ.
bdnews24