২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'২০১১ সালের শেষ নাগাদ বিদ্যুৎ-জ্বালানির সমাধান'

২০১১ সালের শেষ নাগাদ বিদ্যুৎ ও জ্বালানি সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2010, 03:16 PM

Updated : 25 Aug 2022, 07:31 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১১ সালের শেষ নাগাদ বিদ্যুৎ ও জ্বালানি সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। মুহিত বলেছেন, "২০১১ সালের মধ্যে তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে।" গত বছর প্রায় নয়'শ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হয়েছে বলে জানান তিনি। প্রধানমন্ত্রী কার্যালয়ে রোববার বিকালে কাবেরী সম্মেলন কেন্দ্রে ডিজিটাল বাংলাদেশের কৌশলগত অগ্রাধিকার প্রণয়নে উন্নয়ন সহযোগীদের নিয়ে এক বিশেষ সংলাপে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি সমস্যা সমাধানের এই আশ্বাসের কথা শোনান। ডিজিটাল বাংলাদেশের কৌশলপত্র চূড়ান্ত করতে উন্নয়ন সহযোগীদের মতামত ও পরামর্শ নিতে এই সংলাপের আয়োজন করা হয়। এই পরামর্শ ও মতামত ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় অন্তর্ভুক্ত হবে। অর্থমন্ত্রী অতি দ্রুত সব ক্ষেত্রে তথ্য-প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার ওপর জোর দিয়ে বলেন, "ডিজিটাল প্রযুক্তিতে দুর্নীতি বন্ধ হয়ে যায়। এই প্রযুক্তি দুর্নীতি কমিয়ে আনতে খুবই কার্যকর।" ইউএনডিপির অর্থায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম, পরিকল্পনা মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এই সংলাপের আয়োজন করে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুল করিম সংলাপে সভাপতিত্ব করেন। মুহিত জানান, বর্তমান সরকারের শাসনামলে তৃণমূল পর্যায়ের উন্নয়ন এবং কৃষি ক্ষেত্রে সাফল্য আসলেও যোগযোগ, জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবেলা এবং ডিজিটাল বাংলাদেশ বির্নিমাণে আশাব্যঞ্জক উন্নয়ন হয়নি। গত তত্ত্ববধায়ক সরকারের সময় প্রস্তুত করা ডিজিটাল ভোটার কার্ডকে খুবই ভালো উদ্যোগ আখ্যায়িত করে মুহিত বলেন, "আমরা তখন বিরোধী দলে ছিলাম। আমরা সেসময় ছবিসহ ভোটার তালিকার কথা বলাতে সবাই হাসত। "নির্বাচন কমিশনে যখন এ প্রস্তাব দিয়েছিলাম, তখন তারা বলেছিলেন- খুবই ভালো প্রস্তাব, কিন্তু অসম্ভব। পরে আমাদের দেশের তথ্য-প্রযুক্তি বিশেষজ্ঞরাই এ অসম্ভবকে সম্ভব করেছেন। এক বছরের মধ্যে আট কোটি ভোটার কার্ড করা হয়েছে।" সরকারের এই নীতি নির্ধারক বলেন, ভোটার পরিচয়পত্রের তথ্যভাণ্ডারকে আরো উন্নত করে জাতীয় পরিচয়পত্র করার চিন্তাভাবনা করা হচ্ছে। সংলাপে পরিকল্পনামন্ত্রী একে খন্দকার, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, বাংলাদেশে ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর স্টেফান প্রিজনার বক্তব্য দেন। এতে এটুআই প্রোগ্রামের জাতীয় প্রকল্প পরিচালক নজরুল ইসলাম খান, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং উন্নয়ন সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২১১০ ঘ.