নড়াইল, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইল সদর উপজেলা থেকে শনিবার রাতে এক 'চরমপন্থি' সদস্যকে আটক করেছে পুলিশ।
আটক বিপুল বৈরাগী (৫২) পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির খুলনা বিভাগীয় আঞ্চলিক কমান্ডার এবং নড়াইল জেলার তালিকাভুক্ত সন্ত্রাসীকে বলে পুলিশ জানিয়েছে।
বিপুল সদর উপজেলার আগদিয়াচর গ্রামের দেবেন্দ্রনাথ বৈরাগীর ছেলে।
নড়াইল সদর থানার উপ-পরিদর্শক মো. রকিব উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৩টার দিকে নড়াইল সদর থানা ও ফুলতলা থানা পুলিশ যৌথভাবে সদর উপজেলার রামনগরচর এলাকার বিকাশ বিশ্বাসের বাড়ি থেকে তাকে আটক করে।
তিনি জানান, বিপুল বৈরাগী পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির খুলনা বিভাগীয় আঞ্চলিক কমান্ডার এবং নড়াইল জেলার তালিকাভুক্ত সন্ত্রাসী।
নড়াইল সদর থানার ওসি আলমগীর শেখ জানান, বিপুল বৈরাগীর বিরুদ্ধে খুলনার ফুলতলা থানায় ফুলতলা উপজেলার চেয়ারম্যান বাদল হত্যা মামলাসহ বেশ কয়েকটি হত্যা ও বিস্ফোরক দ্রব্যের মামলা রয়েছে।
রোববার দুপুরে তাকে ফুলতলা থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৯৫৬ ঘ.
bdnews24