ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পোশাক শ্রমিকদের জন্য ঘোষিত নতুন মজুরি কাঠামো ১ নভেম্বর থেকে কোনো কারখানার মালিক না মানলে তার বিরুদ্ধে শ্রম আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেবে সরকার।
শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন রোববার সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান।
ইতিমধ্যেই নতুন মজুরি কাঠামোর গেজেট প্রকাশ হয়েছে জানিয়ে তিনি বলেন, "নতুন কাঠামো অনুযায়ী মালিকদের ঈদের আগে বোনাসও দিতে হবে। কারণ ১ নভেম্বর থেকে এ মজুরি কাঠামো কার্যকর হয়েছে। এ সময়ের পর কোনো কারাখানা এ কাঠামো মানছে কি না, তা আমরা কঠোরভাবে মনিটর করছি।"
শ্রমিকদের অব্যাহত আন্দোলনের প্রেক্ষাপটে শ্রমমন্ত্রী গত ২৮ এপ্রিল নতুন ন্যূনতম মজুরি কমিশন গঠন করেন। কমিশনের সুপারিশ অনুযায়ী সরকার গত ২৯ জুলাই পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি কাঠামো ঘোষণা করে।
এতে শ্রমিকদের ন্যূনতম মজুরি তিন হাজার টাকা ধরা হয়েছে। শিক্ষনবিশ শ্রমিকরা পাবেন আড়াই হাজার টাকা।
মজুরি কাঠামো ঘোষণা করে সে সময় সংবাদ সম্মেলনে শ্রমমন্ত্রী জানান, আইনী প্রক্রিয়া শেষে আগামী ১ নভেম্বর থেকে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হবে।
ওই সংবাদ সম্মেলনে এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ সভাপতিরা উপস্থিত ছিলেন। তারা ১ নভেম্বর থেকে নতুন এ মজুরি কাঠামো বাস্তবায়নের প্রতিশ্র"তি দেন। উপস্থিত শ্রমিক প্রতিনিধিরাও ঘোষিত এ মজুরি কাঠামো মেনে নেওয়ার ঘোষণা দেন।
তবে ঘোষণার পর নতুন মজুরি কাঠামো প্রত্যাখ্যান করে কয়েকটি শ্রমিক সংগঠন কাঠামো পুনর্বিবেচনার দাবি জানায়। একই দাবিতে বিভিন্ন কারখানায় বিক্ষোভও হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এজে/১৫১৯ ঘ.
bdnews24