২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শৈলকুপায় ১৪৪ ধারা জারি

একই স্থানে একই সময় বিএনপি ও যুবলীগ সমাবেশ ডাকায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটই বাজারে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2010, 03:43 PM

Updated : 25 Aug 2022, 07:30 PM

ঝিনাইদহ, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একই স্থানে একই সময় বিএনপি ও যুবলীগ সমাবেশ ডাকায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটই বাজারে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। শনিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ভাটই বাজার এলাকায় সভা-সমাবেশ ও মিছিল ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানিয়েছেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজমুল হক। তিনি জানান, উভয় দল একই সময় সমাবেশ ডাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে এই আদেশ জারি করা হয়। বিষয়টি প্রচারের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও ইউএনও জানান। শৈলকুপা থানার ওসি মো. আরোয়ার হেসেন জানান, বিএনপি শনিবার বিকাল ৩টায় ভাটই বাজারে বিক্ষোভ সমাবেশ আহবান করে। একই সময় শৈলকুপা উপজেলা যুবলীগ সমাবেশের ডাক দেয়। এ ব্যাপারে আর বিস্তারিত জানাতে পারেননি তিনি। ওসি জানান, দুই পক্ষের সমাবেশ নিয়ে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি স্বাভাবিক রাখার ব্যাপারে পুলিশ সতর্ক আছে। গত কয়েকদিন দেশের বিভিন্ন স্থানে বিরোধীদল বিএনপি এবং সরকার সমর্থক সংগঠনগুলোর সমাবেশ ঘিরে ১৪৪ ধারা জারির ঘটনা ঘটেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪২ ঘ.