২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঞ্জুর হত্যা মামলা: সাক্ষ্য দিলেন সাবেক সেনাপ্রধান

জনারেল আবুল মঞ্জুর হত্যা মামলায় সাবেক সেনাপ্রধান আবু সালেহ মো. নাসিম এবং স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণকারী হাকিম আবুল হাসেম আদালতে সাক্ষ্য দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2010, 05:25 PM

Updated : 25 Aug 2022, 07:29 PM

ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনারেল আবুল মঞ্জুর হত্যা মামলায় সাবেক সেনাপ্রধান আবু সালেহ মো. নাসিম এবং স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণকারী হাকিম আবুল হাসেম আদালতে সাক্ষ্য দিয়েছেন। বৃহষ্পতিবার আদালতে জবানবন্দির পর মামলার অভিযুক্ত সাবেক রাষ্ট্রপতি ও সামরিক শাসক হুসেইন মুহম্মদ এরশাদসহ অপর অভিযুক্তদের আইনজীবীরা তাদের জেরা করেন। নাজিম উদ্দিন রোডের বিশেষ এজলাসে ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে এ মামলার বিচারকাজ চলছে। বিচারক মো. বোরহানউদ্দিন আগামী ২৪ নভেম্বর মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। মামলার নথি সূত্রে জানা যায়, এ মামলায় রাষ্ট্র পক্ষে ৪৯ জনের মধ্যে এ নিয়ে ২৪ জনের সাক্ষ্য নেওয়া হলো। ১৯৮১ সালে জেনারেল মঞ্জুরকে হত্যা করা হয়। হত্যার ১৪ বছর পর ১৯৯৫ সালে মামলা এবং ওই বছরই চার্জশিট দাখিলের মাধ্যমে বিচার শুরু হয়। বিচার শুরু হওয়ার পর মামলাটিতে প্রায় ১৫৩টি ধার্য তারিখে ২৪ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করতে পেরেছে রাষ্ট্রপক্ষ। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর এ পর্যন্ত তিনজনের সাক্ষ্যগ্রহণ করতে পেরেছে। মামলাটির অধিকাংশ সাক্ষীই সরকারী কর্মকর্তা ও কর্মচারী। চার্জশিট দাখিলের সময় সাক্ষীদের যে ঠিকানা দেওয়া হয়েছিল, এখন তাদেরকে ওই ঠিকানায় পাওয়া যায় না। এ অবস্থায় মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে বর্তমান ঠিকানা যোগাড় করে সমন পাঠানো হয়েছে। এর আগে এ বিষয়ে মামলাটির ঢাকা মহানগর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. সাইদুর রহমান বলেন, "সাক্ষীদের প্রতি সমন ও ওয়ারেন্ট পাঠানো হয়েছে। পুলিশ প্রতিবেদন পাঠিয়েছে পাওয়া যায়নি। আমরা আর কী করতে পারি?" তবে তিনি রাজনৈতিক কারণে বিচারকাজ বিলম্বের অভিযোগ অস্বীকার করেন। মামলার চার্জশিটভুক্ত আসামিরা হলেন, মেজর (অব.) কাজী এমদাদুল হক, লে. কর্নেল (অব.) মোস্তাফা কামাল উদ্দিন ভূইয়া, লে. কর্নেল (অব.) সামস, মেজর জেনারেল (অব.) আবদুল লতিফ ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ। সব আসামি হাইকোর্ট থেকে জামিনে আছেন। ১৯৮১ সালের ১ জুন জেনারেল মঞ্জুরকে পুলিশ হেফাজত থেকে চট্টগ্রাম সেনানিবাসে নিয়ে যাওয়ার সময় তাকে গুলি করে হত্যা করা হয়। এ অভিযোগে ১৯৯৫ সালের ২৮ ফেব্র"য়ারি চট্টগ্রামের পাঁচলাইস থানায় জেনারেল মঞ্জুরের ভাই ব্যরিষ্টার আবুল মনসুর আহমেদ এ মামলা দায়ের করেন। ওই বছরের ১৫ জুলাই তৎকালীন সহকারী পুলিশ সুপার আবদুল কাহার আকন্দ আদালতে চার্জশিট দাখিল করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএ/২৩০০ ঘ.