খুলনা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাটের মংলা পৌরসভার সাবেক চেয়ারম্যান এম এ বাতেন হত্যা মামলার তিন আসামির সবাইকে খালাস দিয়েছে খুলনার একটি আদালত।
বৃহস্পতিবার খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. সেকেন্দার আলী এই রায় দেন।
খালাসপ্রাপ্তরা হলেন- জিয়াউর রহমান, রকিব মুসাল্লি ও শহীদ শেখ।
রায় ঘোষণার সময় জিয়াউর রহমান ও রকিব মুসাল্লি আদালতে উপস্থিত ছিলেন। শহীদ শেখ পলাতক রয়েছেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৪ সালের ১৮ মার্চ সন্ধ্যায় মংলা উপজেলার পশ্চিম শোলাবুনিয়া এলাকায় পৌরসভার চেয়ারম্যান এম এ বাতেনকে সন্ত্রাসীরা গুলি করে।
গুরুতর আহত অবস্থায় মংলার সেন্ট পলস্ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ভাই মো. মাহে আলম বাদি হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা করেন।
২০০৫ সালের ২৭ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা মংলা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মতিন তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন।
মামলাটি চলতি বছরের ১৭ মে খুলনার দ্রুত বিচার ট্রাইব্যূনালে পাঠানো হয়।
৩২ জনের মধ্যে ২২ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০২ ঘ.
bdnews24