ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে খাল উদ্ধার অভিযানের অংশ হিসাবে শ্যামপুর বাজারের পাশের ২৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। শুক্রবার সেখানে খাল খনন শুরু হবে।
বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অভিযানে ওই স্থাপনা উচ্ছেদ হয় বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমীন। বুধবার উচ্ছেদ করা হয় ১৭টি স্থাপনা ।
ম্যাজিস্ট্রেট বলেন, "দুই দিনে উচ্ছেদ হওয়া স্থাপনার জায়গায় শুক্রবার থেকে দুইদিন খাল খনন করা হবে যেন তা আবার দখল না হয়।"
তিনি জানান, কদমতলী থানা এলাকার শ্যামপুর বাজারের পাশে প্রশস্ত ৫০ ফুট একটি খাল রয়েছে যেটি ডিএনডি (ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা) বাধ পর্যন্ত বিস্তৃত। এই খালটিতে এখন গড়ে উঠেছে কাঁচা, পাকা এবং আধাপাকা স্থাপনা। ফলে খালটির প্রশস্ততা কমে সাত/আট ফুট হয়ে গেছে।
রাজধানীর জলাবদ্ধতা দূর করতে প্রশাসনের খাল উদ্ধার অভিযানের অংশ হিসাবে স্থাপনাগুলো উচ্ছেদ করে জেলা প্রশাসন।
দুই দিনে খালের পাড়ে প্রায় আধা কিলোমিটার স্থান থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। খালটি পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন।
পুরো খালটি উদ্ধারের পর পানি উন্নয়ন বোর্ডকে বুঝিয়ে দেওয়া হবে বলে জানান আল আমিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/১৮২৯ঘ.
bdnews24