শরীয়তপুর, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিগারেট পানকে কেন্দ্র করে শরীয়তপুর সরকারি কলেজে ছাত্রলীগ ও ছাত্রদল কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
এতে আহত হয়েছে বিরোধী দল বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের পাঁচ কর্মী।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে ছাত্রদলকর্মী বাবু হাওলাদারকে আটক করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়।
পুলিশ বলেছে, তারা কাউকে আটকও করেনি, ছেড়েও দেয়নি।
ঘটনার পর সরকার সমর্থক ছাত্রলীগের কর্মীরা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে ছাত্রদলকে কলেজে অবাঞ্ছিত ঘোষণা করে।
শরীয়তপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি শহীদ কোতোয়াল জানান, প্রথমবর্ষের একজন ছাত্র ও বহিরাগত ছাত্রদল কর্মী বাবু হাওলাদার কলেজ ক্যাম্পাসে সিগারেট পান করছিলো।
কলেজের সিনিয়র ছাত্রলীগ কর্মীরা সিগারেট পান করতে নিষেধ করলে তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সংঘর্ষে বাবু হাওলাদার ও কলেজ ছাত্রদলের কর্মী ইসহাক, সামসুল, রুবেল ও জনি আহত হয়েছে।
বাবুকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছাত্রলীগ নেতা শহীদ দাবি করেন, বাবুকে পালং (সদর) থানা পুলিশ আটক করার আধা ঘণ্টা পর ছেড়ে দেয়।
কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি জসিম মাদবর বলেন, ছাত্রদলকর্মী বাবু ছাত্রলীগের কর্মী সোহাগকে থাপ্পড় মারে। পরে ছাত্রলীগ কর্মীরা তাদের কলেজ থেকে বের করে দেয়।
জেলা ছাত্রদলের আহবায়ক জামাল উদ্দিন বলেন, কলেজে ছাত্রদল সংগঠিত হচ্ছে দেখে ছাত্রলীগ প্রতিহিংসাপরায়ণ হয়ে তাদের নেতাকর্মীদের মারধর করে। পরে তাদের কলেজ থেকে বের করে দেয়।
পালং থানার ওসি মো. রবিউল আলম বলেন, সিগারেট পান করা নিয়ে ছাত্রদের দু গ্র"পের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৫৮ ঘ.
bdnews24