২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কঠোর আইনের ঘোষণায়ও কমছে না ইভটিজিং

নারীদের উত্ত্যক্ত করা বন্ধে আইন কঠোর করার ঘোষণা সরকার দিয়ে এলেও তাতে কমছে না বখাটেদের উৎপাত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2010, 03:03 PM

Updated : 25 Aug 2022, 07:29 PM

ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারীদের উত্ত্যক্ত করা বন্ধে আইন কঠোর করার ঘোষণা সরকার দিয়ে এলেও তাতে কমছে না বখাটেদের উৎপাত। গত ১৫ দিনে এ ধরনের কয়েকটি বড় ঘটনা ঘটেছে। বখাটেদের হাতে মারাও গেছেন দুজন। ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদকারী শিক্ষক এবং এক অভিভাবকের মৃত্যুর প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বুধবার বলেছেন, ইভটিজিং ঠেকাতে কঠোর আইন হবে। তিনি বলেন, "নারীদের উত্ত্যক্তকারী কাউকে ছাড় দেওয়া হবে না।" ছাত্রীদের উত্ত্যক্ত করাসহ সামাজিক অস্থিরতায় অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, "অস্থিরতার হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।" আইন প্রণয়নের কথা এক সপ্তাহ আগে বলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনও। তার কথার পরই তিনটি ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। দেশের বর্তমান আইনে দণ্ডবিধির তিনটি ধারায় উত্ত্যক্ত করার সর্বোচ্চ সাজা রয়েছে দুই বছর কারাদণ্ড। ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় গত ১২ অক্টোবর দুই বখাটে নাটোরের বাগাতিপাড়ায় কলেজ শিক্ষক মিজানুর রহমানের ওপর মটরসাইকেল তুলে দেয়। আট দিন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকার পর শনিবার (২৩ অক্টোবর) চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মিজানের ওপর হামলা এবং তার মৃত্যুর পর সারাদেশে নিন্দার ঝড় বয়ে যায়। হামলাকারীদের গ্রেপ্তারের দাবিও ওঠে। ওইদিন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, হামলাকারীদের গ্রেপ্তার করা হবে। তবে এখন পর্যন্ত অভিযুক্ত দুজনের মধ্যে একজনকেই গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ। ধামরাইয়ের কালামপুর আমাতননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ছাত্রীদের উত্ত্যক্ত করা বন্ধ এবং বখাটেদের চিহ্নিত করতে গোয়েন্দা নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর ওই বক্তব্যের একদিন পর ২১ অক্টোবর সহকর্মীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ জানিয়ে বখাটেদের নির্যাতনের শিকার হন মাগুরায় প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে (পিটিআই) প্রশিক্ষণরত শিক্ষক শরিফুজ্জামান। ভাইজিকে উত্ত্যক্তকারীকে বাধা দেওয়ায় মঙ্গলবার চাঁদপুরের কচুয়ায় বখাটেদের হামলায় গুরুতর আহত হন দুই সহোদর। আর মঙ্গলবার সন্ধ্যায় মিজানুরের মতোই এক বখাটে মটরসাইকেল তুলে দেয় এক শিক্ষার্থীর মা চাঁপা রাণী ভৌমিকের ওপর। ফরিদপুরের মুধখালী চিনিকলের কর্মী চাঁপা মারা যান রাতে। সরকারের পক্ষ থেকে ইভটিজিং ঠেকাতে আইন কঠোর করার পাশাপাশি জনসচেতনতা তৈরির ওপর জোর দেওয়া হচ্ছে। সাহারা খাতুন বলেন, "উত্ত্যক্ত করার মতো সামাজিক ব্যাধি সরকারের একার পক্ষে দূর করা সম্ভব নয়। এ জন্য দেশের সবাইকে সচেতন হতে হবে।" উত্ত্যক্তের শিকার হয়ে অনেক ছাত্রীর পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া এবং অনেকের আত্মহননের বিষয়টিও স্বীকার করেন সাহারা। উত্ত্যক্তকারীদের দমনে জেলা প্রশাসকদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়ার কথাও বলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে তার ওই বক্তব্যের পর একে একে ঘটে গেছে তিনটি বড় ঘটনা, যা সংবাদ মাধ্যমে এসেছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী ইভটিজিংয়ের জন্য মানসিক অসুস্থতাকেও দায়ী করেন। বুধবার তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা অনুষ্ঠানে বলেন, শিশুদের মানসিক গঠন যেন সুস্থ হয়, সেজন্য প্রতিটি স্কুল-কলেজে মনোচিকিৎসক নিয়োগের কথা ভাবছে সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/এমএসবি/২১০৩ ঘ.