ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর ও চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে কুনমিং পর্যন্ত মহাসড়ক নির্মাণে সহায়তার আশ্বাস দিয়েছে চীন।
চীন সফর শেষে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ রোববার সচিবালয়ে তার কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান।
তিনি গত ১৯ থেকে ২২ অক্টোবর চীন সফর করেন।
হাছান মাহমুদ বলেন, "সোনাদিয়ায় গভীর সমূদ্র বন্দর এবং মিয়ানমার হয়ে কুনমিং পর্যন্ত মহাসড়ক নির্মাণে চীনের সহায়তা চাওয়া হয়েছে। এ ব্যাপারে সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে বেইজিং।"
সেইসঙ্গে বাংলাদেশের পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারিদের প্রশিক্ষণেও সহায়তা দেওয়ার আশ্বাস পাওয়া গেছে বলে তিনি জানান।
প্রতিমন্ত্রী আরো বলেন, মেক্সিকোয় অনুষ্ঠেয় বিশ্ব জলবায়ু সম্মেলনসহ বিভিন্ন ফোরামে ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করতে রাজি হয়েছে চীন।
চীনের ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্মস কমিশনের চেয়ারম্যান জি জ্যাংহুয়া'র সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, "জলবায়ু ইস্যুতে চীন আমাদের সঙ্গে কাজ করতে চায়। পরিবেশ দূষণ ঘটিয়ে উন্নয়ন কর্মকাণ্ড না করার ব্যাপারেও আমরা একমত হয়েছি। উন্নত দেশগুলোর মতো আমরা ঐতিহাসিক ভুল করতে চাই না।"
হাছান মাহমুদ বলেন, কোপেনহেগেন সম্মেলনে উন্নয়নশীল দেশগুলোর জন্য স্বল্প মেয়াদে প্রতিবছর ১০ বিলিয়ন ডলার করে সহায়তার অর্থ দ্রুত ছাড়ের ব্যাপারেও একমত পোষণ করে চীন।
দীর্ঘ মেয়াদে উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা দিতে গঠিত তহবিল ব্যবস্থাপনায় অর্থদাতা ও গ্রহীতা উভয়েরই অংশগ্রহণের ব্যাপারে বাংলাদেশের দাবির সঙ্গে একমত হয়েছে বেইজিং।
এছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় অভিযোজন ও ঝুঁকি প্রশমনে বাংলাদেশকে আর্থিক ও কারিগরি সহায়তা দেবে চীন। এজন্য সহায়তার ক্ষেত্রগুলো চিহ্নিত করে তাদেরকে দ্রুত জানাতে বলা হয়েছে বলে হাছান মাহমুদ জানান।
সফরকালে প্রতিমন্ত্রী চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী লিউ জেনমিন ও পরিবেশ সুরক্ষা বিষয়ক উপ-মন্ত্রী উ ঝিয়াওপিং-এর সঙ্গেও বৈঠক করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৭৩৮ ঘ.
bdnews24