ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাস্তানতন্ত্র দেশকে যেভাবে গ্রাস করে ফেলেছে সেখানে সরকারও চরম অসহায় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজ বিজ্ঞান বিভাগের প্রধান ড. এ আই মাহবুব উদ্দিন আহমেদ।
তিনি বলেছেন, "আমরা দেখলাম ঢাকা শহরকে বাঁচাতে সরকার কিছু উদ্যোগ নিলো। এর বিরুদ্ধে বসুন্ধরা বিভিন্ন পদক্ষেপ নিয়ে সরকারকে অপদস্থ করার চেষ্টা করেছে। তাদের কর্পোরেট পাওয়ার ব্যবহার করে সরকারের সিদ্ধান্ত পর্যন্ত বদলে দিচ্ছে।"
সমাজ বিজ্ঞান বিভাগের 'ক্রিমিনলজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস' কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শনিবার ঢাবির টিএসসি মিলনায়তনে এ অনুুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী শফিক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ঢাবির উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশ ষ্টাফ কলেজের রেক্টর নাঈম আহমেদ ও অধ্যাপক কে এ এম সাদ উদ্দিন।
ড. এ আই মাহবুব উদ্দিন বলেন, "দেশ ও জনগণের স্বার্থেই আমাদের '৭২-এর সংবিধানে ফিরে যাওয়া উচিৎ ছিলো। এখন দেখতে হবে আমরা সেই সংবিধানে ফিরতে পারি কি না।"
আইনমন্ত্রী বলেন, "সমাজ বিজ্ঞান বিভাগের পাঠ্যক্রমে 'ক্রিমিনলজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস' কোর্সটি চালু হলে তা অপরাধের বিভিন্ন ধরন সম্পর্কে আমাদেরকে স্পষ্ট তথ্য দেবে। কেননা, সমাজে প্রতিনিয়ত অপরাধের ধরন পাল্টে যাচ্ছে। কয়েক বছর আগেও ছিনতাই, চাঁদাবাজি, টেন্ডারবাজি এসব অপরাধ হিসেবে চিহ্নিত ছিল না। কিন্তু এখন তা অপরাধ হিসেবে চিহ্নিত হয়েছে। একইভাবে ইভ টিজিংও নতুন অপরাধ হিসেবে দেখা দিয়েছে।"
তিনি বলেন, "এসব অপরাধের প্রবণতা সম্পর্কে আগে থেকে জানতে সাহায্য করবে অ্যাকাডেমিক পড়াশুনা। এতে ওইসব অপরাধ দমনে আইন প্রণয়নের কাজও সহজ হবে।"
মন্ত্রী জানান, সাক্ষীদের সুরক্ষার জন্য সরকার নতুন আইন করবে। ইতিমধ্যেই দুর্নীতি ও অনিয়মের তথ্যদাতাদের সুরক্ষায় হুইসেল ব্লোয়ার আইন করা হয়েছে।
উপাচার্য আরেফিন সিদ্দিক বলেন, "বিশ্বায়নের ফলে সারা বিশ্বেই অপরাধের মাত্রা ও পরিধি দুটোই বেড়েছে। আমাদের দেশও তার বাইরে নেই। স্বামী তার স্ত্রীকে হত্যা করছে, মাকে হত্যা করছে ছেলে। যাত্রাবাড়ির ট্রিপল মার্ডার এবং দুই সন্তানসহ মায়ের আত্মহত্যার ঘটনার কি জবাব আমরা দেবো?"
তিনি বলেন, "সমাজ বিজ্ঞান বিভাগের এই কোর্সটি চালু হলে অপরাধের মাত্রা এবং চিত্র সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাবে।"
অধ্যাপক কে এ এম সাদ উদ্দিন বলেন, "বাংলাদেশে যেভাবে অপরাধের বিস্তার ঘটেছে তা আমাদের গ্রাস করতে বসেছে। অপরাধের এমন বি
bdnews24