২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংস্কার এ মাসেই: মন্ত্রী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংস্কার এ মাসেই হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2010, 07:13 AM

Updated : 25 Aug 2022, 07:27 PM

ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংস্কার এ মাসেই হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। নিরাপদ সড়কের দাবিতে শুক্রবার ঢাকায় একটি শোভযাত্রা উদ্বোধনের সময় তিনি একথা জানান। মন্ত্রী বলেছেন, আগামী বছর থেকে ২২ অক্টোবর সরকারিভাবে নিরাপদ সড়ক দিবস হিসেবে পালন করা হবে। দুর্ঘটনায় স্ত্রী হারানোর পর চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সূচনা করেন। গড়ে তোলেন সংগঠন 'নিরাপদ সড়ক চাই'। সংগঠনটি ২২ অক্টোবর নিরাপদ সড়ক দিবস হিসেবে পালন করে আসছে। নিরাপদ সড়কের জন্য বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম চালায় এ সংগঠন। কাকরাইলে নিরাপদ সড়ক দিবসের শোভাযাত্রা উদ্বোধন করেন যোগাযোগমন্ত্রী। মন্ত্রী বলেন, "ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ক্ষতিগ্রস্ত অংশ ১৫ দিনের মধ্যে মেরামত করা হবে।" দেশের গুরুত্বপূর্ণ এ সড়কের ফেনী থেকে চট্টগ্রাম অংশের নানা স্থানে গর্ত সৃষ্টি হয়েছে। এতে দুর্ঘটনা যেমন বেড়েছে, তেমনি যানজট লেগে চলাচলের সময়ও অনেক বেড়েছে। সড়ক সংস্কারের জন্য বিভিন্ন দল ও সংগঠন দাবি জানিয়ে আসছিলো। সড়কের দুরবস্থার জন্য বিগত চারদলীয় জোট সরকারকে দায়ী করেন আবুল হোসেন। তিনি বলেন, "ওই সময় সড়ক উন্নয়নে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আমরা ক্ষমতায় আসার পর এদিকে নজর দিচ্ছি।" ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-রংপুর সড়ক চার লেনে উন্নীত করার প্রক্রিয়া চলছে জানিয়ে যোগাযোগমন্ত্রী বলেন, "চলাচল বেশি- এমন সড়কগুলো চার লেনে উন্নীত করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।" সড়কে দুর্ঘটনা এড়াতে ১ নভেম্বর থেকে গাড়ি চালকদের সিটবেল্ট বাঁধা এবং মটর সাইকেল চালকদের হেলমেট পরা বাধ্যতামূলক হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, না করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীর যানজট নিরসনে ১ নভেম্বর থেকে ফুটপাত থেকে হকার উচ্ছেদ অভিযান শুরু হবে বলেও জানান তিনি। ঢাকায় উড়াল সেতু নির্মাণের কার্যাদেশ আগামী জানুয়ারিতে দেওয়া যাবে আশা করেন যোগাযোগমন্ত্রী। মন্ত্রী উদ্বোধন করার পর 'নিরাপদ সড়ক চাই'র কাকরাইল থেকে বিজয়নগর হয়ে মুক্তাঙ্গনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চেয়ারম্যান আইয়ুবুর রহমান, দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক শামসুল হক অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/এমআই/১৩১২ ঘ.