মাদারীপুর, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নে শিরুয়াইল উচ্চ বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশসহ ১০ জন আহত হয়েছে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি ভাংচুর করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
শিবচর থানার ওসি আবদুর রাজ্জাক বলেন, "শিরুয়াইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল চাকুরীপ্রার্থী মাওলাদাত হোসেনের অনুকুলে নেওয়ার উদ্দেশ্যে কয়েকশ লোক মৌখিক পরীক্ষা গ্রহনকারী বোর্ডের সদস্যদেরকে সন্ধ্যা ৬টার দিকে স্কুলের একটি কক্ষে অবরুদ্ধ করে। এ সময় অপর একজন প্রার্থীর পক্ষের লোকজনের সঙ্গে তাদের সংঘর্ষ বেঁধে যায়।
এ সময় উত্তেজিত জনতা ইউএনও'র গাড়ি ভাংচুর করে।
তাদের নিক্ষিপ্ত ইটপাটকেলের আঘাতে পুলিশের উপপরিদর্শক (এসআই) প্রশান্ত কুমার ও কনস্টেবল আনোয়ার আহত হয়।
ওসি জানান, এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই একটি মামলা দায়ের করা হয়েছে।
শিবচর উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, "মৌখিক পরীক্ষা গ্রহনকারীদেরকে অবরুদ্ধ করে রাখার খবর শুনে আমি ও ইউএনও পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। আমাদের কোন ক্ষতি না হলেও ইউএনও'র গাড়িটি ভাংচুর করা হয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১০৩৫ ঘ.
bdnews24