২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষক মৃত্যুশয্যায়, এলাকা থমথমে

ছাত্রী উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটের হামলার শিকার নাটোরের শিক্ষক মিজানুর রহমান এখন মৃত্যুশয্যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2010, 04:36 PM

Updated : 25 Aug 2022, 07:26 PM

নাটোর, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রী উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটের হামলার শিকার নাটোরের শিক্ষক মিজানুর রহমান এখন মৃত্যুশয্যায়। নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর কলেজের শিক্ষক মিজানের উপর এ হামলার প্রতিবাদে বৃহস্পতিবার শিক্ষক ও শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করেছেন। এলাকায় উড়ছে কালো পতাকা। গ্রামের পরিস্থিতি এখন থমথমে। গত ১২ অক্টোবর স্থানীয় দুই বখাটে তরুণের হামলায় গুরুতর আহত হন বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মিজানুর রহমান (৩৬)। তিনি এখন ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব চিকিৎসা বিশ্ববিদ্যালয়ের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন আছেন। যেকোনো সময় মৃত্যুর কোলে ঢলে পড়বেন। বুধবার তার মৃত্যু হয়েছে এমন একটি খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে এসেছিল। পরে সবাই জানতে পরেন তিনি মারা যাননি, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। বৃহস্পতিবার দিনভর ক্ষীণ আশা থাকলেও এলাকার মানুষ এখন প্রায় নিশ্চিত হয়ে গেছে তাদের প্রিয় শিক্ষক মিজানুর রহমান আর ফিরে আসবেন না তাদের মাঝে। অতি পরিচিত সেই হাসিমুখে আলাপ করবেন না আর। ঘটনাস্থল থেকে ফিরে এসে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনির্ধি জানান, লোকমানপুর বাজারে ঢুকতেই চোখে পড়ে প্রতিটি দোকানের সামনে উঠানো কালো পতাকা। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, মিজানুর রহমান শুধু শিক্ষার্থীদের কাছে নয় স্থানীয়দেরও তিনি খুব প্রিয় ছিলেন। বাজার ঘেঁষে লোকমানপুর রেল স্টেশন ও কলেজ। রেলস্টেশনে নিয়োজিত রয়েছে বিপুল সংখ্যক পুলিশ। কয়েক হাত পরপর উড়ছে কালো পতাকা। স্থানীয় লোকজন ভিড় করে পুলিশের সঙ্গে আলাপ করছেন। কোনো উত্তেজনা নেই, বিশৃঙ্খলা নেই। কারো মুখেই নেই হাসি। স্টেশন থেকে নামলেই লোকমানপুর কলেজ। গ্রামের কলেজ। কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরাও এলাকার মানুষ। সবার বুকে লাগানো কালো ব্যাজ। মিজানুর রহমানের কথা তুলতেই অধ্যক্ষ মতিউর রহমান আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, " মিজানের কোনো শত্র" থাকতে পারে তা আমরা ভাবতেই পারি না। কথা বলার সময় তার মুখে হাসি লেগেই থাকত। শিক্ষকদের কমনরুম মাতিয়ে রাখতেন। শিক্ষার্থীদের কাছেও খুব প্রিয় ছিলেন। "শিক্ষার্থীদের কোনো সমস্যা হলে আমার আগে তারা ঘটনাটা তাকে বলতো। পরে তিনি আমাকে জানাতেন। এবারের ঘটনাটাও (ইভটিজিং) ঠিক তেমনি। মেয়েরা তাকে বখাটের উৎপাতের কথা প্রথম বলেছে। তিনি আমাকে জানান। আমি কলেজ ব্যাবস্থাপনা কমিটিকে জানিয়েছিলাম।" মিজানুর রহমানের সহকর্মী ইমাম হোসেন বলেন, ঘটনার দিন তার পেছন পেছন আমি কলেজে যাচ্ছিলাম। কৃষ্ণা ফার্মের আখ ক্ষেতের সামনে উনি মোটরসাইকেল থামিয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় দেখি আসিফ আলী ও রাজন একটি পালসার মোটরসাইকেল নিয়ে তাকে ধাক্কা দেয়। এতে মিজান স্যারের সঙ্গে আসিকও পড়ে যায়। কিন্তু পেছন থেকে রাজন লোহার রড দিয়ে স্যারকে আঘাত করে। "আমরা হত্যাকারীদের গ্রেপ্তার ও সুষ্ঠু বিচার দাবি করছি। নইলে ছাত্র পড়ানো বন্ধ করে দেব। আমরা মানুষ গড়তে এসেছি, মরতে আসিনি!" বলেন তিনি। লোকমানপুর বাজারের ওষুধ ব্যবসায়ী আব্দুল মতিন বলেন, "প্রতিদিন মিজান স্যার এই দোকানের সামনে দিয়ে কলেজে যেতেন। মাঝেমধ্যে দাঁড়িয়ে আমাদের খোঁজখবর নিতেন। আমরা তাকে আমাদেরই একজন মনে করতাম। এই অবস্থা কিছুতেই মেনে নিতে পারছি না।" আসিক ও রাজন এলাকায় খারাপ ছেলে হিসেবে পরিচিত এলাকার লোকজন জানায়, আসিফ আলী ও রাজন তমালতলা কৃষি ও কারিগরি কলেজের ছাত্র। সম্পর্কে তারা শ্যালক-ভগ্নিপতি। প্রায় তিনমাস আগে আসিকের এক বোনকে তুলে নিয়ে বিয়ে করেন রাজন। এই দু'জন বিএনপি'র স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত আছেন। স্থানীয় এক আওয়ামী লীগ নেতার সঙ্গেও তাদের সুসম্পর্ক রয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ করার সাহস খুব কম লোকেরই আছে। লোকমানপুর কলেজের এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, তাদের লাল রংয়ের একটি দেড়শ' সিসির মোটরসাইকেলে প্রায়ই দ্রুত গতিতে ঘোরাফেরা করতে দেখা যায়। কানে মোবাইলের হেড ফোন লাগিয়েই মোটরসাইকেল চালায়। স্কুল-কলেজ ছুটি হলে তাদের যাতায়াত বেড়ে যায়। বেশ কয়েকবার মোটরসাইকেল দুর্ঘটনাও ঘটিয়েছে। এলাকায় তারা খারাপ ছেলে হিসেবে পরিচিত। আসিফের বাবা আব্দুর রশিদ বাগাতিপাড়া উপজেলা পরিষদের কর্মচারী। তিনি বলেন, "মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনাবশত: প্রভাষক মিজান সাহেব আহত হন। আমার ছেলেও ওই ঘটনায় আহত হয়েছে। তার বিরুদ্ধে ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগ সঠিক নয়। "আমার মেয়েজামাই রাজনের ব্যাপারে তেমন কিছু জানি না।' নাটোরের অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট নাসিরুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িত আসিফকে গ্রেপ্তার করা হয়েছে। রাজনকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২২৬ ঘ.